শ্যামলী পরিবহনের নাম-ব্যানার অন্যদের ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামলী পরিবহনের নাম ও ব্যানার মোটরযানে বেআইনিভাবে অন্যদের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। শ্যামলী পরিবহনের ব্যানার মালিক ছাড়া অন্য যাঁরা ব্যবহার করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএর চেয়ারম্যানের কাছে করা আবেদনটি দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রুলসহ এ আদেশ দেন। শ্যামলী পরিবহনের মালিক ছাড়া অন্যরা বেআইনিভাবে এই পরিবহনের নাম ও ব্যানার ব্যবহার করছেন উল্লেখ করে গত বছরের ৯ নভেম্বর বিআরটিএর চেয়ারম্যানের কাছে আবেদন করে শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ। কোনো ফল না পেয়ে এ বিষয়ে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ১৭ জানুয়ারি রিটটি করেন শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ।