শ্যামলী মাঠ যেন খেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে ‘শ্যামলী আধুনিকায়িত মাঠ’–এর একমাত্র ফটকটিতে তালা ঝুলছে l প্রথম আলো
দীর্ঘদিন ধরে ‘শ্যামলী আধুনিকায়িত মাঠ’–এর একমাত্র ফটকটিতে তালা ঝুলছে l প্রথম আলো

মাঠ সবার জন্য হলেও এলাকাবাসীর অভিযোগ, শ্যামলী ক্লাবের সদস্য ছাড়া অন্য কেউ এখানে খেলার সুযোগ পায় না। মাঠটি বিভিন্ন সময় মেলার জন্য ভাড়া দেওয়া হয়। এতে মাঠটি এবড়োখেবড়ো হয়ে পড়ে। খেলাধুলার মতো অবস্থা থাকে না।
গত রোববার দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শ্যামলী রিং রোডের পাশের প্রাচীরঘেরা এ মাঠের মূল গেটটি বন্ধ। একটু সামনে এগিয়ে পকেট গেট দিয়ে মাঠে ঢুকতে হয়। মাঠটি দেখলে মনে হয় ধান চাষের জন্য লাঙল দেওয়া হয়েছে। পুরো মাঠেই কাদা। মাঠেরই এক পাশ থেকে মাটি তুলে তা মাঠের মাঝখানে ফেলা হচ্ছে। একটু দূরে মাঠের ডান পাশের কোনায় কয়েক কিশোর নেটে ক্রিকেট অনুশীলন করছে। এ ছাড়া বেঞ্চে বসে আছেন কয়েকজন।
মাঠেই নেটে অনুশীলন করছিলেন শ্যামলী ক্রিকেট একাডেমির রাকিব হোসেন। মাঠে কারা কারা খেলতে পারে জানতে চাইলে বলে, ‘আমরাই খেলি, লিগ হলে অন্য ক্লাব খেলতে আসে।’ তবে মাঠে পাড়ার অন্য কেউ খেলতে পারে কি না, তা সে বলতে পারেনি।
তানজিম রহমান বন্ধুকে নিয়ে বেঞ্চে বসে গল্প করছিলেন। তিনি বলেন, ‘ক্লাবের লোকজন ছাড়া আশপাশের বাচ্চাদের কখনো মাঠে এসে খেলতে দেখিনি।’
মাঠের এক পাশেই শ্যামলী ক্লাবের অফিস। সামনে দুটি গাড়ি রাখা। পকেট গেটের ভেতরে সিঁড়ির সঙ্গে একটি চায়ের দোকান।
শ্যামলী ক্লাবের সদস্য আদাবর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নিয়মিত ক্লাবে বসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সবাই খেলতে পারে না, এ অভিযোগ সত্য না। এখন পিচের কাজ চলছে। বর্ষা হলে কাদা হয়।’ মাঠে মেলা বসানো প্রসঙ্গে তিনি জানান, রোজার সময় খেলাধুলা থাকে না বলে তাঁরা মেলার জন্য মাঠ ভাড়া দিয়ে থাকেন।
ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান বলেন, ‘এলাকাবাসী কখনো মাঠ নিয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ দেয়নি।’ কেউ মাঠ নিয়ে তাঁর কাছে গেলে তিনি ব্যবস্থা নেবেন।
স্থানীয় বাসিন্দা রতন মিয়া শ্যামলী খেলার মাঠে প্রায়ই হাঁটাহাঁটি করতে আসেন। গত রোববার মাঠে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘ক্লাবই মাঠ দেখাশোনা করে। গত রোজায় বস্ত্র মেলার জন্য মাঠটি ভাড়া দেওয়ায় মাঠের এই অবস্থা। এখন মাটি ফেলছে।’ মাঠে লোকজনের আসা-যাওয়ার ব্যাপারে বললেন, ক্লাবের ছেলেরাই খেলে থাকে। স্থানীয় আরও কয়েকজন বাসিন্দা বললেন, বছরের বিভিন্ন সময় মাঠে মেলা চলতে থাকে। স্থানীয় ছেলেদের খেলার সুযোগ হয় না।