শ্যামলী-মায়ার কষ্ট কাটা পড়ল ট্রেনের চাকায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধেয়ে আসছে দ্রুতগতির ট্রেন। দুই বছরের ছোট্ট মেয়ে মায়াকে রেললাইনের ওপর শুইয়ে রাখলেন মা শ্যামলী। ততক্ষণে ট্রেন এসে পড়েছে কাছাকাছি। এবার ঝাঁপ দিলেন মা। মুহূর্তেই সব শেষ। সঙ্গে শেষ হলো মা-মেয়ের তিন বছরের কষ্ট আর লাঞ্ছনার জীবন।
পঞ্চগড় সদর উপজেলার বকুলতলা এলাকায় গতকাল শনিবার দুপুরে ঘটেছে হৃদয়বিদারক এ ঘটনা। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন আটোয়ারী উপজেলার বারো আউলিয়া গ্রামের শ্যামলী বসাক (২২) ও তাঁর শারীরিক প্রতিবন্ধী মেয়ে পবিত্রা সেন মায়া (২)।
স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা অবস্থায় দুই বছর আগে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন শ্যামলী। এরপর প্রতিবন্ধী মেয়ে জন্মের পর আর ফিরতে পারেননি স্বামীর ঘরে। এ নিয়ে দুঃখ-কষ্ট ও লাঞ্ছনা সইতে না পেরে মেয়েকে নিয়ে শ্যামলী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তাঁর বাবা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি বকুলতলা এলাকার রশিদুল ইসলাম বলেন, ‘আমরা কয়েকজন রেললাইনের ধারে বাঁশবাগানের ভেতরে তাস খেলছিলাম।
দুপুর সোয়া ১২টার দিকে ঠাকুরগাঁও থেকে ট্রেন আসছিল। এমন সময় এক নারী কোলের শিশুকে রেললাইনের ওপর শুইয়ে নিজেও সেখানে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে তাঁদের ওপর দিয়ে ট্রেন চলে যায়। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যায়।’
শ্যামলী বসাকের বাবা অরুণ বসাক বলেন, তিন বছর আগে ঠাকুরগাঁওয়ের রাজাগাঁও ইউনিয়নের রুহিয়া আসানপুর এলাকার প্রদীপ সেনের সঙ্গে শ্যামলীর বিয়ে হয়। এক বছর পর নির্যাতনের শিকার হয়ে অন্তঃসত্ত্বা শ্যামলী বাবার বাড়িতে ফিরে আসেন। তাঁর একটি মেয়ে সন্তান হয়। মেয়েটি শারীরিক প্রতিবন্ধী হওয়ার শ্বশুরবাড়ির লোকজন মা-মেয়েকে ফিরিয়ে নিতে অস্বীকার করেন। এ নিয়ে পঞ্চগড় আদালতে মামলা করেন শ্যামলী। মামলাটি বিচারাধীন। মেয়ের জন্মের পর থেকে শ্যামলী বাবার বাড়িতে থেকে দুই বছর ধরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পরিচালিত স্কুলে শিক্ষকতা করতেন। মেয়ের চিকিৎসার জন্য শ্যামলী প্রতি সপ্তাহে জেলা শহরের একটি প্রতিবন্ধী হাসপাতালে যেতেন। গতকাল সকালেও সন্তানের চিকিৎসার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যুর সংবাদ পান অরুণ বসাক।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, স্বামীর ওপর রাগ করে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।