শ্যামলী শিশুমেলার মোড়ে ঝুঁকি নিয়ে পারাপার
পেটের পীড়ায় আক্রান্ত শিশুকে নিয়ে ঢাকা শিশু হাসপাতালে আসছিলেন যাত্রাবাড়ীর বাসিন্দা কাদের মিয়া। বাস থেকে শিশুমেলা মোড়ে নেমে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও সড়ক পার হতে পারছিলেন না। শেষে চলন্ত গাড়ির মাঝ দিয়েই দৌড় দিলেন।
রাজধানীর শ্যামলী শিশুমেলা মোড়ে পদচারী-সেতু কিংবা জেব্রা ক্রসিং না থাকায় এভাবেই ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন পথচারীরা। চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড়ে পার হওয়ার কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।
কল্যাণপুর বা শ্যামলীর দিক থেকে এসে শিশুমেলা মোড় পার হয়েই বেশ কয়েকটি সরকারি হাসপাতালে রোগীদের যেতে হয়। এসব হাসপাতালের মধ্যে ঢাকা শিশু হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), জাতীয় নিউরোসায়েন্স হাসপাতাল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আসেন অনেক রোগী। কিন্তু মোড়ের কাছে এসেই তাঁরা থমকে যান।
এক পথচারী অভিযোগ করেন, একসময় মিরপুর রোড ধরে আসা রোকেয়া সরণি ও মিরপুর ১০ নম্বর গন্তব্যের যানবাহনগুলো শিশুমেলা ক্রসিং দিয়ে আগারগাঁও হয়ে চলে যেত। তখন ট্রাফিক সংকেত ও ট্রাফিক পুলিশ থাকায় লোকজন নিরাপদে পার হতে পারতেন। যানজট কমাতে বেশ কিছুদিন আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শিশুমেলা মোড়টিতে যানবাহন ঘোরানো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এখন মিরপুর ১০ ও রোকেয়া সরণিগামী গাড়িগুলো আসাদগেটের মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে চলাচল করে। ফলে মিরপুর রোড ধরে আসা যানবাহনগুলো দ্রুতগতিতে শিশুমেলা মোড় পার হয়ে চলে যায়।
গত শনিবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, দুই পাশেই লোকজন সড়ক পার হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। চলন্ত গাড়ির মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা পেলেই দৌড় দিচ্ছেন। সড়ক বিভাজকের ওপরে উঠে আবার অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। গাড়ির গতি কিছুটা কমলে চলন্ত গাড়ির সামনে হাত উঁচিয়ে দৌড়ে বাকি অংশ পার হচ্ছেন।
সড়ক পার হওয়ার অপেক্ষায় থাকা মোহাম্মদপুরের বাসিন্দা জামান আহমেদ বললেন, জেব্রা ক্রসিং দিলেও অনেক সময় গাড়ির ড্রাইভাররা গতি কমান না, তারপরও এখানে জেব্রা ক্রসিং নেই। এখন সব সময় লোকজন পার হচ্ছে। এত দ্রুতগতিতে গাড়িগুলো যাওয়া-আসা করায় রাস্তা পার হওয়ার সুযোগই পাওয়া যায় না।
শ্যামলী বাসস্ট্যান্ড ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুটি পদচারী-সেতু আছে। শিশুমেলা মোড় থেকে দুটি পদচারী-সেতুই কয়েক শ গজ দূরে। মোহাম্মদপুর এলাকার খিলজী রোড, বাবর রোড ও আশপাশের এলাকার লোকজন প্রতিনিয়ত শিশুমেলা মোড় দিয়ে সড়ক পার হন। গণপরিবহন থেকে নেমেও যাত্রীরা শিশুমেলা মোড় পার হচ্ছেন।
শিশুমেলা মোড়ে ১০ মিনিট দাঁড়িয়ে অন্তত ৫০ জনকে এভাবে দৌড়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে দেখা গেল। দুই নারী শিক্ষার্থী শিশুমেলা মোড়ে সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এক পা এগিয়ে চলন্ত গাড়ির কারণে আবার দুই পা পিছিয়ে যাচ্ছিলেন। অনেক কসরত করে অবশেষে সড়ক পার হতে পারলেন। ওই পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা শিশুমেলা মোড়েই অবস্থিত আশা ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী। বললেন, প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীকে এই মোড় পার হতে হয়। ওভারব্রিজ থাকলে তাঁদের মতো অনেকেরই সুবিধা হতো।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার পদচারী-সেতুগুলো তত্ত্বাবধানের দায়িত্ব ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগের। এ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ‘আমরা তো প্রয়োজনের ভিত্তিতে অনেক জায়গাতেই ওভারব্রিজ করি। কিন্তু লোকজন আর ব্রিজে ওঠে না। তাঁরা ঝুঁকি নিয়েই রাস্তা পার হন। অনেক স্থানে চেষ্টা করেও লোকজনকে ব্রিজে ওঠানো সম্ভব হয়নি। তবে শিশুমেলার সামনে প্রয়োজন হলে ওভারব্রিজ বানানোর ব্যবস্থা নেওয়া হবে।’