শ্যামলীতে আধুনিক প্রবীণ নিবাসের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহায়-সম্বল আছে, কিন্তু দেখাশোনার কেউ নেই। সমাজের এমন প্রবীণদের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবন যাপনের সুযোগ তৈরি করতে রাজধানীর শ্যামলীতে চালু হয়েছে একটি প্রবীণ নিবাস। ‘স্বপ্নলোক পিস ভ্যালী’ নামের এই প্রবীণ নিবাস চালু করেছে সুবার্তা ট্রাস্ট নামের বেসরকারি প্রতিষ্ঠান।
গতকাল বৃহস্পতিবার শ্যামলীর ১৫ হোলি লেনের একটি বাড়িতে প্রবীণ নিবাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের একটি নির্মাতা প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করছে। ট্রাস্টটির সাধারণ সম্পাদক সেলিনা আক্তার বলেন, এটি প্রচলিত ধারার আশ্রয়কেন্দ্র বা বৃদ্ধাশ্রম নয়। বিশেষ ক্ষেত্রে ন্যূনতম ৪৫ বছর বয়সী ও প্রবীণেরা (৬০ বছরের ঊর্ধ্বে) এখানে থাকতে পারবেন। এ দুই বয়সী নারী-পুরুষ এখানকার ফ্ল্যাট কিনতে অথবা ভাড়া নিতে পারবেন। প্রতি বর্গফুটের জন্য মাসিক ভাড়া নেওয়া হবে ২৫ টাকা।
আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত প্রবীণ নিবাসটি আটতলা। প্রথম তলায় ট্রাস্টের কার্যালয়, সবার খাওয়ার জায়গা, চিকিৎসক-সাইকোথেরাপি-লাইব্রেরি ও প্রার্থনাকক্ষ, শরীরচর্চা ও অভ্যন্তরীণ খেলাধুলার কক্ষ এবং সভা করার জায়গা রয়েছে। দ্বিতীয় থেকে অষ্টম তলায় থাকার জায়গা, ছাদে বিনোদনের ব্যবস্থা ও বাগান। সেলিনা আক্তার বলেন, আপাতত ১১ জন প্রবীণ আছেন, এখানে ৬০-৭০ জন থাকতে পারবেন।
প্রবীণ নিবাসটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সুবার্তা ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, জীবনসংগ্রামের পেছনে ছুটতে ছুটতে আজ আর কারও সময় নেই। ছেলেমেয়ের বাবা-মা এবং নাতি-নাতনিদের দাদা-দাদি বা নানা-নানির সঙ্গে সময় কাটানোর সুযোগ নেই। বৃদ্ধদের দেখার কেউ নেই। তাঁরা যাতে শেষ বয়সে আনন্দের সঙ্গে ও মর্যাদাপূর্ণ জীবন নিয়ে পৃথিবী থেকে চলে যেতে পারেন সে জন্যই এই উদ্যোগ। মেয়র আনিসুল হক সুবার্তা ট্রাস্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সিটি করপোরেশন ও ব্যক্তি পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল আওয়ালসহ অনেকেই উপস্থিত ছিলেন।