কাকলীতে উল্টো পথে থাকা পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রের মৃত্যুর ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রায় দুই ঘণ্টা শ্যামলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী শনিবার দুপুরের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে আবারও রাস্তায় নামবেন বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রায় দেড়টা পর্যন্ত চলা এ অবরোধে মিরপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্থানে যানজট দেখা দেয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সোমবার বিকেলে বনানী এলাকায় উল্টো পথে আসা পুলিশের রিকুইজিশন করা একটি বাসের চাপায় ঘটনাস্থলেইরিয়াজ উদ্দিন নিহত হন। তিনি আশা ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের ছাত্র ছিলেন। এক বছর আগে তিনি বিয়ে করেন। তাঁর একটি সন্তান রয়েছে। সংসার চালাতে তিনি মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘অপপো’তে চাকরি করতেন।
জড়িত পুলিশ সদস্যদের শাস্তি ও নিহত রিয়াজের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে আন্দোলনরত ছাত্র সিদ্দিকুর রহমান শিহাব বলেন, ‘শুক্রবারের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে শনিবার আবার আমরা আন্দোলনে যাব।’
সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, রিয়াজ উদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এক থেকে দেড় হাজার শিক্ষার্থী দুপুর ১২টার দিকে সড়কে নেমে আসেন। তাঁরা মিরপুর সড়ক ও শিশুমেলা হয়ে আগারগাঁও যাওয়ার সড়কটি বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থলে যান এবং শিক্ষার্থীদের অবরোধ তোলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু তাতেও কাজ না হলে বেলা দেড়টার দিকে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বেলা একটার দিকে পাশের আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেওয়ায় যানজট আরও তীব্র আকার ধারণ করে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় সড়কে আটকে পড়া যাত্রীদের। এ অবরোধের কারণে আসাদগেট থেকে গাবতলীর দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস-টেম্পো থেকে নেমে অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করেন।
এ সম্পর্কে অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ বলেন, ‘শিক্ষার্থীরা আন্দেলন শুরু করলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা বলেন, বাসটির চালক ও গাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই ঘোষণার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।’