শ্যামলীতে গুলি করে চার লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলী এলাকায় গতকাল শনিবার ছিনতাইকারীরা এক ব্যক্তিকে গুলি করে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহ্ সিমেন্টের পরিবেশক মেসার্স জনি ট্রেডিং করপোরেশনের বিক্রয় প্রতিনিধি মনসুর রহমান (৩৫) তাঁর সঙ্গী টিটুকে নিয়ে বিভিন্ন দোকান থেকে পাওনা টাকা সংগ্রহ করছিলেন। তাঁরা বেলা পৌনে তিনটার দিকে শ্যামলী রিং রোডে মসজিদ মার্কেটের সামনে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মনসুর রহমান দৌড়ে পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। গুলিবিদ্ধ মনসুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও মসজিদ মার্কেটের জনি ট্রেডিংয়ের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, রাকিব এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে ৩০ হাজার টাকা নিয়ে মনসুর রহমান বেরিয়ে যান। এর পরপরই ছিনতাইকারীরা তাঁর পায়ের সামনে মাটিতে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। মনসুর ও টিটু দৌড়ে পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা মনসুরকে গুলি করে তাঁর হাতের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত শ্যামলীর দিকে পালিয়ে যায়। আহত মনসুর পুলিশকে জানিয়েছেন, ব্যাগটিতে বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করা প্রায় চার লাখ টাকা ছিল।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান গতকাল সন্ধ্যায় জানান, দুটি মোটরসাইকেলে করে এসে চার ছিনতাইকারী ওই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে বিভিন্ন চেকপোস্টে তল্লাশি চলছে। এ ছাড়া এ-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।