শ্যামলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চিকিৎসক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলীতে গতকাল বৃহস্পতিবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহবুবুল হক নামের একজন চিকিৎসক আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।মাহবুবুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহবুবুল হকের বাসা ৩০২/২, শ্যামলী। গতকাল ফজরের নামাজের পর তিনি শব্দ পেয়ে বাসার বাইরে যান। এ সময় আট-দশজন দুর্বৃত্ত তাঁর বাসায় ঢোকার চেষ্টা করলে তিনি বাধা দেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এ সময় তাঁর চিৎকারে বাসার অন্যরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।মাহবুবুল হকের মেয়ে চিকিৎসক নওরীন মাহবুব প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা সীমানাদেয়ালের ওপরে তারকাঁটার বেড়া কেটে ভেতরে ঢোকে। এ সময় তারা গাড়িচালক মোহাম্মদ আলীসহ নিরাপত্তাকর্মীদের দড়ি দিয়ে বেঁধে বাড়িতে ঢোকার চেষ্টা করছিল।আদাবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা বলেন, চিকিৎসকের ওপর হামলার কারণ জানা যায়নি। ঘটনার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।