শ্যামানন্দ ও মংশৈলুং হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার নেই
ঝিনাইদহে সেবায়েত শ্যামানন্দ দাস ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আওয়ামী লীগ নেতা মংশৈলুং মারমা হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। তবে পুলিশ গতকাল শনিবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল ঝিনাইদহ শহরে মানববন্ধন হয়েছে।
পুলিশ জানায়, শ্যামানন্দ হত্যার ঘটনায় উত্তর কাষ্টসাগরা শ্রীশ্রী রাধা মদন গোপাল বিগ্রহ মঠের সভাপতি সুবল চন্দ্র বাদী হয়ে শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
হত্যাকারীদের বিচার ও জীবনের নিরাপত্তার দাবিতে গতকাল সকালে ঝিনাইদহ শহরে মানববন্ধন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এতে বক্তৃতা করেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম (মিন্টু), ঐক্য পরিষদের ঝিনাইদহ জেলা সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক সুবীর কুমার সমাদ্দার, প্রচার সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, পূজা ঐক্য পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার সরকার প্রমুখ।
গতকাল দুপুরে মঠে গিয়ে দেখা যায়, সেখানে পুলিশি পাহারা বসানো হয়েছে। মঠে চলছে নিহত শ্যামানন্দের উদ্দেশে ধর্মীয় আচার পালন।
মঠে গতকাল স্বাভাবিক পূজা অর্চনা হয়েছে। তবে উপস্থিতি ছিল খুবই কম। মঠের সম্পাদক মিলন কুমার কুন্ডু বলেন, আজ (শনিবার) পূজা হয়েছে। তবে ভবিষ্যতে কতটুকু হবে তা নিয়ে সংশয় রয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ গতকাল বিকেল সাড়ে চারটায় প্রথম আলোকে বলেন, সেবায়েত শ্যামানন্দ হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে জেলায় একের পর এক খুনের পরিপ্রেক্ষিতে শুক্রবার থেকে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। এ জন্য বিভিন্ন জেলা থেকে পুলিশের ৪০০ সদস্য আনা হয়েছে। অভিযানে এ পর্যন্ত শিবিরের ১ ও জামায়াতের ৪ নেতাসহ ২৯ জনকে আটক করা হয়েছে।
এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ধাবনখালী মারমা পাড়ার বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মংশৈলুং মারমা (৫৬) খুনের ঘটনায় তাঁর ছেলে উসাথোয়াই মারমা শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, লাশ উদ্ধারের সময় মংশৈলুংয়ের বড় ভাই উথোয়াইহ্লা মারমা বলেছিলেন, ভূমি বিরোধ ও পূর্বশত্রুতার জেরে পাড়ার লোকজনই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি সন্দেহভাজন ১১ জনের নামও দিয়েছেন। কিন্তু তিনি মামলার বাদী হতে চাননি। মংশৈলুংয়ের ছেলে মামলা করলেও এজাহারে কারও নাম উল্লেখ করেননি।
জানতে চাইলে উসাথোয়াই মারমা প্রথম আলোকে বলেন, তাঁর বাবা গুপ্তহত্যার শিকার হয়েছেন। দেশের অন্যান্য গুপ্তহত্যার সঙ্গে সাদৃশ্য রয়েছে। তাই তদন্ত করে প্রকৃত খুনিদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।
সেবায়েত শ্যামানন্দ দাসকে শুক্রবার ভোরে মঠের সামনেই কুপিয়ে হত্যা করা হয়। আর নাইক্ষ্যংছড়ির আওয়ামী লীগ নেতা মংশৈলুং মারমাকে গত বৃহস্পতিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয়। দুটি ঘটনারই দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।