শ্যামানন্দের বাড়িতে মাতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে মঠের সেবায়েত শ্যামানন্দ দাস খুন হওয়ার খবরে তাঁর নড়াইল সদর উপজেলার মুশুরি গ্রামের বাড়িতে গতকাল শুক্রবার শোকের মাতম চলে।
গতকাল দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, নড়াইল শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে শ্যামানন্দের গ্রামের বাড়িতে আত্মীয়স্বজন ছুটে এসেছেন। তাঁরা কান্নায় ভেঙে পড়ছেন। জড়ো হয়েছেন প্রতিবেশীরাও। শ্যামানন্দের বৃদ্ধ মা চারুবালা সরকারকে এ হত্যাকাণ্ডের কথা জানানো হয়নি। বাড়িতে এত মানুষের ভিড় দেখে তিনি বারবার জানতে চাইছেন, কী হয়েছে।
শ্যামানন্দ অবিবাহিত ছিলেন। তাঁর বাবা-মায়ের দেওয়া নাম প্রদ্যোত সরকার। দুই বোন চার ভাইয়ের মধ্যে শ্যামানন্দ ধর্মীয় শিক্ষা-দীক্ষার জন্য বাল্যকালে বাড়ি ছাড়েন। বিভিন্ন স্থানে সেবায়েতের দায়িত্ব পালন শেষে তিন বছর আগে তিনি ঝিনাইদহের ওই মঠের দায়িত্ব নেন। মাঝেমধ্যে তিনি বাড়িতে আসতেন। এ সময় পরিবারের সদস্য ছাড়াও এলাকার মানুষের সঙ্গে হিন্দুধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন।
শ্যামানন্দ দাসের বৌদি তৃষ্ণা সরকার বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বশেষ শ্যামানন্দের সঙ্গে মুঠোফোনে তাঁর কথা হয়। আর গতকাল ভোরে মুঠোফোনে খুন হওয়ার খবর পান।
শ্যামানন্দের ভাইজি সাগরিকা সরকার, তৃপ্তি সরকার ও শিউলি সরকার কেঁদে কেঁদে বলেন, তাঁদের কাকুকে তাঁরা বাবাজি বলে ডাকতেন। এমন একজন মানুষকে কেউ খুন করতে পারে, তা তাঁরা বিশ্বাসই করতে পারছেন না।