শ্যামাপূজা ও দীপাবলি উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল বুধবার রাতে সারা দেশে শ্যামাপূজা ও শুভ দীপাবলি উদ্যাপিত হয়েছে। সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা বাড়িঘর, মন্দির-প্রাঙ্গণ, শ্মশানঘাটসহ নিজ নিজ পারিপার্শ্বিক প্রতিবেশে অসংখ্য মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে আঁধার-তাড়ানিয়া শুভ দীপাবলি উৎসব উদ্যাপন করেন।প্রাচীন প্রথা হচ্ছে, দীপাবলির সন্ধ্যায় তেল দিয়ে মাটির প্রদীপ জ্বালানো। কিন্তু শহরে-নগরে জ্বালানো হয় মোমবাতি। সে অনুযায়ী গতকালও সন্ধ্যায় বাসস্থান, উপাসনালয়, বিশ্রামাগার প্রভৃতি স্থাপনায় সারি সারি প্রদীপ অথবা মোমবাতি বসিয়ে সন্ধ্যায় একসঙ্গে তা প্রজ্বালিত করা হয়। এ সময় উলুধ্বনি দেওয়া ও শাঁখ বাজানো হয়। একই সঙ্গে গতকাল সারা রাত অনুষ্ঠিত হয় শ্যামাপূজা। পূজা উপলক্ষে রাজধানীসহ সারা দেশের মন্দিরগুলো ছিল উৎসবমুখর। বিভিন্ন মন্দির কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, পূজা উপলক্ষে আজ বৃহস্পতিবারও ঢাকাসহ সারা দেশের মন্দিরে মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌকাবাইচ ও মেলা অনুষ্ঠিত হবে। আজ বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কালীপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।