শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন মন্দির ও ঘরে ঘরে প্রদীপ প্রজ্বালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবিটি গতকাল সন্ধ্যায় চট্টেশ্বরী কালীবাড়ি থেকে তোলা ষ প্রথম আলো
শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন মন্দির ও ঘরে ঘরে প্রদীপ প্রজ্বালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবিটি গতকাল সন্ধ্যায় চট্টেশ্বরী কালীবাড়ি থেকে তোলা ষ প্রথম আলো

রাজধানীসহ সারা দেশে গতকাল শনিবার কালীপূজা উদ্যাপিত হয়েছে। পুষ্পাঞ্জলি এবং ষোড়শ উপচারে দেবী কালীর পূজার মধ্য দিয়ে অশুভ শক্তিকে পরাজিত করে কল্যাণের শক্তি লাভ করা যায়। এ উদ্দেশ্যে মন্দিরে মন্দিরে মধ্যরাতেও ভক্তরা প্রার্থনা করেন।
একই সঙ্গে গতকাল শুভ দীপাবলিও উদ্যাপিত হয়। সন্ধ্যায় জ্বলে ওঠে শত শত মঙ্গলপ্রদীপ। আলোকিত হয়ে ওঠে মন্দির ও বাসগৃহ। প্রয়াত ব্যক্তিদের সমাধিতে আগরবাতি, মোমবাতি, মঙ্গলপ্রদীপ ও তারাবাতি জ্বালিয়ে তাঁদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
কালীপূজা ও দীপাবলি উপলক্ষে গতকাল রামকৃষ্ণ মঠ ও মিশনসহ রাজধানীর বিভিন্ন মন্দিরে বিশেষ অনুষ্ঠান হয়। সন্ধ্যা আরতি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন।
রাজধানীতে কালীপূজা ও দীপাবলির সবচেয়ে বড় অনুষ্ঠান হয় পোস্তগোলা শ্মশানঘাটে। এখানে প্রায় ২০টি কালীপূজা অনুষ্ঠিত হয়। শত শত ভক্ত এই পূজায় অংশ নেন এবং মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদ্যাপন করেন।
রামকৃষ্ণ মিশনে পূজা ছাড়াও মধ্যরাত পর্যন্ত ভক্তিমূলক সংগীত পরিবেশিত হয়। সিদ্ধেশ্বরী কালীমন্দির, বনগ্রাম রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, ঠাঁটারীবাজার শিবমন্দির, বিহারীলাল জিউ মন্দির, গৌতম মন্দির, লক্ষ্মীবাজার, তাঁতীবাজার ও শাঁখারীবাজারের বিভিন্ন মন্দিরে পূজার ব্যাপক আয়োজন করা হয়। শাঁখারীবাজারের সড়কের ওপর বাঁশের মাচায় তৈরি অর্ধশতাধিক অস্থায়ী মণ্ডপে পূজা হয়।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রাত নয়টার পর কালীপূজা অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যায় হাজার প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদ্যাপিত হয়। রমনা কালীমন্দিরসংলগ্ন পুকুরে ১০ হাজার প্রদীপ জ্বালিয়ে দীপাবলি হয়।