শ্যালক-দুলাভাইসহ ছয় জেলায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় গতকাল শুক্রবার যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। নীলফামারীর ডিমলা, পাবনার ঈশ্বরদী, বগুড়ার শেরপুর, নওগাঁর মান্দা ও কুড়িগ্রামের উলিপুরে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় আরও সাতজন নিহত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
রাজশাহী: গতকাল বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী উপজেলার ভালুকগাছী গ্রামের মোনায়েম হোসেন (৩৫) ও তাঁর শ্যালক তারাপুর গ্রামের নাজমুল হক (১৭) মারা যান। ঘটনার পর মহাসড়কের ওপর লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটি পড়ে থাকায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে যান চলাচল পুনরায় শুরু হয়।
নীলফামারী: ডিমলা উপজেলার কেয়ার বাজার এলাকায় গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী হাসনা বানু (২৫) ঘটনাস্থলেই নিহত হন এবং তাঁর ভাই মিজানুর রহমান (২০) আহত হন। তা ছাড়া এ সময় বাসের ৪০ জন যাত্রী আহত হন। গুরুতর আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী (পাবনা): বুধবার রাতে ঈশ্বরদী-নাটোর মহাসড়কের মুলাডুলি আমবাগান এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন পাবনার আটঘরিয়া উপজেলার কুমারগাড়ী গ্রামের জয়নুল ভূঁইয়ার ছেলে রাজা (১৮) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার নারায়ণপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে মতি (২২)। আহত জুবায়েরের (২৩) বাড়ি নারায়ণপুরে।
শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডি এলাকায় বুধবার সন্ধ্যায় মালবাহী একটি ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সীমান্ত বাজার এলাকার মৃত ফজলুল হকের ছেলে আবদুল মোমিন (২৫) নিহত হন।
নওগাঁ: মান্দার নীলকুঠি এলাকায় গত বৃহস্পতিবার মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার দোষতী গ্রামের শ্রীমন্ত কুমারের ছেলে পরিমল কুমার (৩০) ও জ্যোতিষ চন্দ্রের ছেলে জগদীশ কুমার (২৫)।
উলিপুর (কুড়িগ্রাম): গত বৃহস্পতিবার উপজেলার বালাবাড়ী ব্র্যাক মোড়ে গাড়ির ধাক্কায় সেফাত আহমেঞ্চদ (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সে চিলমারী উপজেলার বেলেরভিটা গ্রামের নূর আলমের ছেলে।