শ্যালক-দুলাভাইসহ ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে শ্যালক ও দুলাভাইসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ এ রায় দেন।দণ্ডিত ব্যক্তিরা হচ্ছেন: শাহ আলম (৩৫) ও তাঁর শ্যালক রিপন মিয়া (২৬), ফটু মিয়া (৩২), আনু মিয়া (২৬) শিপন (২৮) ও আহাদ (২৪)। তাঁদের সবারই বাড়ি কমলগঞ্জ উপজেলায়। এর মধ্যে আনু মিয়া, শিপন ও আহাদ পলাতক। অন্যরা জেলহাজতে রয়েছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফালেঙ্গা গ্রামের কাঠমিস্ত্রি মো. জয়নাল আবেদীনের মেয়ে সুমি আক্তারকে (১৪) বিয়ে করতে না পেরে ২০০৯ সালের ১৭ নভেম্বর সন্ধ্যারাতে রিপন কৌশলে সুমিকে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ইকোপার্কের একটি উঁচু টিলায় গোয়ালঘরে নিয়ে যান। সেখানে রিপন সঙ্গীদের নিয়ে সুমিকে ধর্ষণ করেন। পরে শ্বাসরোধে হত্যা করে সুমির মরদেহ ঝুলিয়ে রাখা হয়।পরদিন সুমির লাশ উদ্ধার করে পুলিশ রিপনের ভগ্নিপতি শাহ আলমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সুমির বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে মৌলভীবাজার থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া শাহ আলম পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে পুরো ঘটনার বর্ণনা দিয়ে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি কিশোর কুমার কর জানান, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে বিচারকার্য সম্পন্ন হয়। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।