শ্যালক হত্যায় ভগ্নিপতির ১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিবাগে মিলন হত্যাকাণ্ডের ঘটনায় ভগ্নিপতি হাফিজুর রহমান খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এ বি এম সাজেদুর রহমান এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে ১৮ জন সাক্ষী উপস্থাপন করেছেন। আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় ট্রাইবুনাল দণ্ডবিধির ৩০৪ ধারায় ১০ বছরের কারাদণ্ড দেন।

মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় দ্রুত বিচার নিষ্পত্তি করতে গত বছরের ৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ট্রাইব্যুনালে পাঠায়। গত বছরের ২১ জুলাই তদন্ত করে শাহজাহানপুর থানা-পুলিশ হাফিজুরকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়।

মামলার বিবরণে জানা যায়, পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী বেবী আক্তারকে নির্যাতন করতেন হাফিজুর। বেবী আকতার তাঁর ভাই মিলনকে নির্যাতনের বিষয়টি জানান এবং ২০১২ সালের ২৯ মে তাঁকে বাসায় ডেকে আনেন। ওই দিন হাফিজুর শ্যালক মিলনের সামনেই স্ত্রীকে নির্যাতন শুরু করেন। মিলন এতে বাধা দেন। এ নিয়ে হাফিজুরের সঙ্গে মিলনের কথা-কাটাকাটি হয়। একপর্যায় হাফিজুর তাঁর শটগান দিয়ে গুলি করলে মিলন নিহত হন।

এ ঘটনায় মিলনের স্ত্রী মেহেরুন নিসা থানায় এই মামলা করেন।