শ্যালককে হত্যার দায়ে দুই ভগ্নিপতির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখানে আনসার আলী নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর দুই ভগ্নিপতি শফিকুল ইসলাম ও মকবুল হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান এ মামলার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর আদালত দুই আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ এফ এম রেজাউল করিম। পরে তিনি প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। এই সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের দণ্ডবিধির ৩০২ ধারায় সাজা দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ১৮ নভেম্বর উত্তরখানে দুই ভগ্নিপতি পরস্পর যোগসাজশে সম্পত্তির লোভে আনসার আলীকে শ্বাস রোধ করে হত্যা করেন। এ ঘটনায় আনসারের মা তোহরা বানু উত্তরখান থানায় এ মামলা করেন। ২০০০ সালের ২২ মার্চ পুলিশ দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।