শ্যালককে হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে সাত বছরের এক শিশুকে হত্যার দায়ে তার দুলাভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নাটোরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, আজ নাটোরের সিংড়া উপজেলার আগমুরশন গ্রামের তালেব আলীর ছেলে খান জাহান (৭) হত্যা মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। মামলার ছয় আসামির সবাই আদালতে হাজির ছিলেন। দুপুর সাড়ে ১২টায় আদালতের বিচারক জ্যেষ্ঠ দায়রা জজ মো. রেজাউল করিম রায় ঘোষণা করেন। রায়ে আসামি মো. হেলালের (২৭) বিরুদ্ধে শিশু খান জাহানকে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। অন্যদের খালাস দেওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, সাংসারিক বনিবনা না হওয়ায় আগমুরশন গ্রামের তালেব আলীর মেয়ে রোকেয়া খাতুন তাঁর স্বামী হেলালের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। এই আক্রোশে ২০১৬ সালের ১৪ জানুয়ারি দুপুরে হেলালসহ অন্য আসামিরা তালেব আলীর বাড়ি থেকে তাঁর ছেলে খান জাহানকে অপহরণ করে তাঁর বাড়িতে নিয়ে যান এবং শ্বাসরোধে হত্যা করেন। পরে তার লাশ বস্তায় ভরে শয়নঘরে রেখে দেন। খোঁজাখুঁজির একপর্যায়ে হেলালের বাড়ি থেকে খান জাহানের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তালেব আলী বাদী হয়ে পরের দিন চারজনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেন।

মামলার রায়ে সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম সন্তোষ প্রকাশ করেন। আসামিপক্ষের আইনজীবী লোকমান হোসেন জানান, তিনি তাঁর দণ্ডিত মক্কেলের জন্য আপিল করবেন।