শ্যালা চ্যানেলে আবার নৌপথ চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নৌপথে নৌযান চলাচল পুনরায় চালুর দাবি জানিয়েছে দুই মালিক সমিতি—বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন এবং কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। এতে কার্গো ভেসেল সমিতির সভাপতি মাহবুবউদ্দিন আহমেদ ও কোস্টাল শিপ মালিক সমিতির সভাপতি গাজী বেলায়েত হোসেন বক্তব্য দেন।
দুই সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সংরক্ষণের দুর্বলতা ও প্রাকৃতিক কারণে ঘষিয়াখালী নৌপথ চলাচলের অনুপযোগী হয়ে যায়। সরকার এখন আবার এটি চালুর উদ্যোগ নিয়েছে, যেটি এখনো খননের প্রক্রিয়ায় রয়েছে। এতে বলা হয়, মংলা বন্দরের সঙ্গে বরিশাল, ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ ভারত-বাংলাদেশের নৌ প্রটোকল সচল রাখতে সামগ্রিক বিবেচনায় ২০১১ সালে এই পথ চালু করা হয়। কিন্তু ৯ ডিসেম্বর সুন্দরবনে তেলবাহী জাহাজ দুর্ঘটনার কারণে এই নৌপথ বন্ধ করে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্ধ করে দেওয়ায় ভারতের সঙ্গে পণ্য পরিবহনে স্থবিরতা সৃষ্টি হয়েছে। ২০০টি জাহাজ এই পথে এখন চলাচলের জন্য অপেক্ষমাণ। আর প্রায় আড়াই লাখ টন পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় সমুদ্রগামী ১২টি জাহাজ। ফলে, বন্ধ হয়ে যাচ্ছে লবণ কারখানাগুলো। আবার ফ্লাই অ্যাশের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে কয়েকটি সিমেন্ট কারখানা। এতে আরও বলা হয়, পরিবেশ রক্ষায় জরুরি পদক্ষেপ অবশ্যই থাকবে। তবে অর্থনীতির চাকা সচল রাখতে নৌপথও সচল রাখা জরুরি।