শ্যালা নদী দিয়ে স্থায়ীভাবে নৌচলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভেতর দিয়ে নৌযানের চলাচল স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এখন থেকে চট্টগ্রাম ও বিদেশি বন্দর থেকে আসা জাহাজগুলোকে মংলা-ঘষিয়াখালী খাল দিয়ে চলাচল করতে বলা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এসব কথা জানানো হয়েছে।

আজ বুধবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে কয়লাবোঝাই জাহাজডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটি শ্যালা নদী দিয়ে স্থায়ীভাবে নৌযান চলাচল বন্ধের সুপারিশ করে। পরিবেশ ও বন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকেও নৌযান চলাচল বন্ধের সুপারিশ করেছিল।

এ ব্যাপারে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় প্রথম আলোকে বলেন, সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত গত মঙ্গলবার থেকেই কার্যকর করা হয়েছে। আমরা এখন থেকে স্থায়ীভাবে নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। ১২ ফুটের বেশি গভীরতার জাহাজগুলো ঘষিয়াখালী খাল দিয়ে চলাচল করতে পারত না। তাই সেগুলো শ্যালা নদী দিয়ে চলাচল করত বলে এত দিন অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হতো।
এ বিষয়টিকে এখন কীভাবে সুরাহা করবেন, এই প্রশ্ন তুললে নৌপরিবহন সচিব বলেন, জাহাজে পণ্যের পরিমাণ কমালেই তা ১২ ফুট গভীরতার মধ্যে চলতে পারবে। ফলে আশা করি এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না।

২০১৪ সালের ডিসেম্বরে সুন্দরবনের শ্যালা নদীতে জয়মনিরগোল এলাকায় সাড়ে তিন লাখ লিটার ফার্নেস তেলবাহী একটি জাহাজ ডুবে তা সুন্দরবনের ৩০০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে যায়। এতে বনে দীর্ঘমেয়াদি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। পরে বনের ওই একই এলাকায় দুটি কয়লা ও একটি ছাইবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটে। সর্বশেষ গত শনিবার কয়লাবাহী ​একটি জাহাজ ডুবির ঘটনা ঘটে।