শ্যালা নদীতে আবার তেলবাহী জাহাজ চালাতে চায় বিপিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের শ্যালা নদী দিয়ে আবার তেল পরিবহন শুরু করতে চায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ঘষিয়াখালী-মংলা চ্যানেল ব্যবহারের উপযোগী না করা পর্যন্ত পথটি ব্যবহারে সাময়িক অনুমতি চায় তারা।
বিপিসি বলছে, এই অনুমতি না পেলে আগামী মার্চ থেকে উত্তরাঞ্চলে জ্বালানি তেল সরবরাহব্যবস্থা ভেঙে পড়বে। ইতিমধ্যে, শ্যালা নদী দিয়ে সম্ভব না হলে সুন্দরবন চ্যানেলের বিকল্প কোনো নৌপথ নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
গত ৯ ডিসেম্বর শ্যালা নদীতে জ্বালানি তেলবাহী ট্যাংকার ডুবে সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস তেল সুন্দরবনে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর থেকে এ নদীপথে জ্বালানি তেল পরিবহন বন্ধ রয়েছে।
বিপিসি জানায়, খুলনার দৌলতপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেলের ডিপো থেকে উত্তরাঞ্চলের রেলহেড ডিপো ও বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে তেল পাঠানো হয়। দুর্ঘটনার আগে চট্টগ্রামের পতেঙ্গায় বিপিসির প্রধান তেল স্থাপনা থেকে জয়মণিঘোল-মংলা হয়ে দৌলতপুরে তেল পাঠানো হতো। আর দৌলতপুর থেকে শ্যালা নদী দিয়ে তেল পাঠানো হতো গোপালগঞ্জ ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রে। দুর্ঘটনার পর এই পথে তেলবাহী নৌযান চলাচল বন্ধ থাকায় বেশ কিছুদিন বিদ্যুৎকেন্দ্রটিতে তেল পাঠানো হয়নি। এই অবস্থায় ১১ জানুয়ারি থেকে দৌলতপুর ডিপোর স্থলে নারায়ণগঞ্জ ডিপো থেকে বিকল্প পথ গোদনাইল/ফতুল্লা-চাঁদপুর-বরিশাল-হুলারহাট-হরিদাসপুর হয়ে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎকেন্দ্রে তেল পাঠানো হচ্ছে।
বিপিসি সূত্রে জানা গেছে, শ্যালা নদীপথে পরিবহনের অনুমতি না থাকায় বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর দিয়ে সমুদ্রপথ ঘুরে দৌলতপুর ডিপোতে তেল পাঠাচ্ছে বিপণন কোম্পানিগুলো। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি—এ তিন মাসই কেবল সমুদ্রপথ ব্যবহার করা যায়। মার্চ থেকে সাগর উত্তাল হয়ে উঠলে পথটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুর্ঘটনার আশঙ্কায় তখন এ পথে তেল পরিবহনে অধিকাংশ জাহাজ ঝুঁকি নিতে চাইবে না।
গত ১৫ জানুয়ারি জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো বিপিসির চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দৌলতপুর ডিপোতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে মংলা-ঘষিয়াখালী চ্যানেল ব্যবহারের উপযোগী না হওয়া পর্যন্ত জয়মণিঘোল-মংলা পথ সাময়িক চালু রাখা ছাড়া বিকল্প পথ বিপিসির নেই। মংলা-ঘষিয়াখালী চ্যানেল কিংবা শ্যালা নদীপথ—কোনোটিই সম্ভব না হলে তেল পরিবহনে বিকল্প নৌপথ নির্ধারণ করা প্রয়োজন।
বিপিসির চেয়ারম্যান এ এম বদরুদ্দোজা বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য একটি আন্তমন্ত্রণালয় বৈঠকের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। নৌ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে একটা উপায় বের করা যাবে বলে আশা করছি।’
দৌলতপুর ডিপো থেকে গোপালগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে যাওয়ার পথে তেল ট্যাংকার দুর্ঘটনায় পড়ার পর ৬ জানুয়ারি সচিবালয়ে একটি আন্তমন্ত্রণালয়ের সভায় শ্যালা নদী দিয়ে পুনরায় নৌ চলাচলের অনুমতির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তেলবাহী ট্যাংকার চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয় বৈঠকে।