শ্যালা নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে গতকাল শনিবার বিকেলে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় ওই জাহাজে থাকা ১৪ জন কর্মচারী সাঁতরে কূলে উঠে আসেন।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা গাজী মতিয়ার রহমান বলেন, ঢাকা থেকে প্রায় ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লাবোঝাই করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে আসা কার্গো জাহাজ এমভি সি-হর্স-১ শনিবার বিকেল পাঁচটার দিকে সুন্দরবনের শ্যালা নদীর তাম্বুলবুনিয়া ও হরিণটানা এলাকার মধ্যবর্তী স্থানে ডুবোচরে আটকে তলা ফেটে ডুবে যায়। এ সময় কার্গো জাহাজে থাকা ১৪ জন কর্মী সাঁতরে কূলে উঠতে সক্ষম হন।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল বনের দুর্গম এলাকায়। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন ও সার্বিক নজরদারি করতে বলা হয়েছে।