শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নদী দিয়ে আজ মঙ্গলবার থেকে কোনো ধরনের নৌযান চলবে না। গত শনিবার বিকেলে এই নদীতে কয়লাবাহী জাহাজডুবির দুই দিন পর গতকাল সোমবার সকালে এ ঘোষণা দেয় বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। জাহাজডুবির ঘটনায় জাহাজটির মালিকসহ ছয়জনকে আসামি করে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে বন বিভাগ।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার জন্য শ্যালা নদী দিয়ে সব ধরনের নৌযান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে বিকল্প নৌপথ হিসেবে মংলা-ঘষিয়াখালী চ্যানেল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এতে নদীপথ ব্যবহারকারীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে এবং সুন্দরবন রক্ষা হবে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে গত রোববার রাতে মালবাহী ওই জাহাজের মালিকসহ ছয়জনের বিরুদ্ধে শরণখোলা থানায় পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন জাহাজ এমভি সি-হর্স-১-এর মালিক মনিরা কবির, সমতা শিপিং এজেন্টের মালিক আজিজুর রহমান, ম্যানেজার জামাল হোসেন, জাহাজের মাস্টার মো. সিরাজুল ইসলাম মোল্লা, পাইলট মো. ইসমাইল হোসেন ও সুকানি শহিদুল ইসলাম।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, ‘জাহাজডুবির ঘটনায় মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ণয়ে জেলা প্রশাসকের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া বন বিভাগের গঠিত চার সদস্যের তদন্ত কমিটির আজ পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা।
সূত্র জানায়, কয়লাবোঝাই কার্গো জাহাজডুবির ঘটনায় সুন্দরবনের জলজ, প্রাণিজ ও উদ্ভিদ সম্পদের ক্ষতির আশঙ্কা থেকে দুর্ঘটনাকবলিত স্থান থেকে পানি ও মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।
চট্টগ্রাম বন্দর থেকে ১৬ মার্চ ১ হাজার ২৩৫ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি সি হর্স শিপিং এন্টারপ্রাইজের কার্গো জাহাজ এমভি সি হর্স-১ যশোরের নোয়াপাড়ার উদ্দেশে রওনা হয়। শনিবার বিকেলে জাহাজটি সুন্দরবনের শ্যালা নদীর হরিণটানা ও তাম্বুলবুনিয়া এলাকার মধ্যবর্তী স্থানে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চরে আটকে তলা ফেটে নদীতে ডুবে যায়। জাহাজটি যে স্থানে ডুবে যায়, সেটি সুন্দরবনের সংরক্ষিত জায়গা। ডলফিনের অভয়ারণ্য। এরপর নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি, বন বিভাগ ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল বন্ধের সুপারিশ করে।