শ্যালা নদীতে নৌপথ স্থায়ী বন্ধের সুপারিশ পরিবেশ মন্ত্রণালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভেতরে শ্যালা নদীসহ (যেখানে তেলবাহী ট্যাংকার ডুবেছে) দুর্ঘটনার আশঙ্কা আছে এমন এলাকায় নৌ চলাচল স্থায়ীভাবে বন্ধ করার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। তবে নৌপরিবহন মন্ত্রণালয় বলেছে, ওই নৌপথ স্থায়ীভাবে বন্ধের কথা তারা এখনো ভাবছে না।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় পরিবেশ মন্ত্রণালয় নৌ চলাচল বন্ধের সুপারিশ করে। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম। সভা শেষে তিনি সুপারিশের বিষয়টি সাংবাদিকদের জানান। সভায় শ্যালা নদী ও এর আশপাশের এলাকা থেকে স্থানীয় লোকজনের সংগ্রহ করা তেলের ক্রয়মূল্য বাড়ানোরও সুপারিশ করা হয়। একই সঙ্গে স্থানীয় পদ্ধতিতে তেল অপসারণ কার্যক্রম অব্যাহত রাখতে বলা হয়েছে।
শ্যালা নদীতে গত মঙ্গলবার ভোরে সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস তেল নিয়ে একটি ট্যাংকার ডুবে যায়। গত বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নৌপথে নৌ চলাচল বন্ধের নির্দেশ দেয়, যা এখনো বহাল রয়েছে।
পরিবেশ মন্ত্রণালয়ে ওই সভার পর নৌপরিবহন মন্ত্রণালয়ে আরেকটি আন্তমন্ত্রণালয় সভা হয়। এতে সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পরিবেশ মন্ত্রণালয় এই সভায়ও তাদের সুপারিশগুলো তুলে ধরে। সভা সূত্র জানায়, এর পরিপ্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয় সভায় জানায়, ওই নৌপথ স্থায়ীভাবে বন্ধের কথা তারা এখনো ভাবছে না। সভায় সুন্দরবনের নদী ও খালের পানি থেকে স্থানীয়দের সংগ্রহ করা তেলের দাম বাড়িয়ে প্রতি লিটার ৪০ টাকায় কেনার সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েল কোম্পানি এই তেল কিনবে। গত কয়েক দিন এই তেল প্রতি লিটার ৩০ টাকায় কেনা হচ্ছিল।
নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় আরও সিদ্ধান্ত হয়, কাঁকড়া, ঝিনুক ও মৎস্য আহরণকারীদের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এক মাসের আপৎকালীন ত্রাণ দেবে। সভায় এসব বিষয়ে সার্বিক তদারকির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
এর আগে পরিবেশ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় দুর্ঘটনাকবলিত এলাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য ওই এলাকায় কোস্টগার্ড এবং পার্শ্ববর্তী উপকূলীয় এলাকার পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এই সভা শেষে পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার রাকিবুর রহমান সাংবাদিকদের জানান, গত শনিবারও সেখানে (শ্যালা নদীর হরিণটানা-তাম্বুলবুনিয়া চ্যানেল) ডলফিন দেখা গেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ ব্রায়ান এবং বাংলাদেশের একজন বিশেষজ্ঞ লিখিতভাবে জানিয়েছেন, তাঁরা ডলফিন দেখেছেন। তাঁরা ডলফিনের গায়ে কোনো তেল দেখেননি এবং ডলফিনের মধ্যে কোনো অসুস্থতা বা অস্বাভাবিকতা লক্ষ করেননি।
খন্দকার রাকিবুর রহমান দাবি করেন, তাঁরা যত দূর জেনেছেন, তেল ৪০-৫০ কিলোমিটার এলাকার মধ্যে ছড়িয়েছে।