শ্যালা নদী দিয়ে নৌ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সুন্দরবনের শ্যালা নদী দিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গত শনিবার বিকেলে শ্যালা নদীতে কয়লাবাহী কার্গো জাহাজডুবির পর আজ সোমবার সকালে এ ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ। এদিকে জাহাজডুবির ঘটনায় জাহাজের মালিকসহ ছয়জনকে আসামি করে পাঁচ কোটি টাকারÿক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে বন বিভাগ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) র খুলনার উপপরিচালক আশরাফ হোসেন বলেন, শ্যালা নদী দিয়ে চলাচলকারী সব নৌযানকে মংলা-ঘষিয়াখালী রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে কার্গো মালিকসহ ছয়জনের বিরুদ্ধে শরণখোলা থানায় গতকাল রোববার রাতে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন কার্গো জাহাজ এম ভি সি হর্স-১ এর মালিক মনিরা কবির, সমতা শিপিং এজেন্টের মালিক আজিজুর রহমান, ম্যানেজার জামাল হোসেন, জাহাজের মাস্টার মো. সিরাজুল ইসলাম মোল্লা, পাইলট মো. ইসমাইল হোসেন ও শুকানী শহিদুল ইসলাম।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

এ ছাড়া দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ণয়ে জেলা প্রশাসকের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া বন বিভাগের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।

কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনায় সুন্দরবনের জলজ, প্রাণীজ ও উদ্ভিদ সম্পদের ক্ষতির আশঙ্কায় দুর্ঘটনা কবলিত স্থান থেকে পানি ও মাটির নমুনা সংগ্রহ করে আজ দুপুর থেকে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ২৩৫ মেট্রিক টন পিট কয়লা নিয়ে কার্গো জাহাজ এম ভি সি হর্স-১ যশোরের নোয়াপাড়ার উদ্দেশে রওনা হয়। যাত্রাপথে গত শনিবার বিকেলে শ্যালা নদীর হরিণটানা ও তাম্বুলবুনিয়া এলাকার মধ্যবর্তী স্থানে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চরে আটকে গিয়ে জাহাজটির তলা ফেটে নদীতে ডুবে যায়। এ সময় ওই জাহাজে থাকা ১৩ কর্মচারী সাঁতরে তীরে ওঠেন। জাহাজটি যে স্থানে ডুবেছে সেটি ডলফিনের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত।