শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় শ্যালা নদীতে গতকাল ভোরে ডুবে যায় তেলবাহী জাহাজ ওটি সাউদার্ন স্টার-৭। এতে নদীতে ছড়িয়ে পড়ে তেল (ইনসেটে) l ছবি: প্রথম আলো
পূর্ব সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় শ্যালা নদীতে গতকাল ভোরে ডুবে যায় তেলবাহী জাহাজ ওটি সাউদার্ন স্টার-৭। এতে নদীতে ছড়িয়ে পড়ে তেল (ইনসেটে) l ছবি: প্রথম আলো

তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার পর পূর্ব সুন্দরবনের শ্যালা নদী রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
গতকাল বুধবার রাতে সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে জানানো হয়, গতকাল রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
সুন্দরবনে ছড়িয়ে পড়ছে তেল
সভায় জানানো হয়, ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকার ‘ওটি সাউদার্ন স্টার-৭’ উদ্ধারসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার খুবই আন্তরিক। ডুবে যাওয়া ট্যাংকার থেকে নির্গত তেল ছড়িয়ে পড়া রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে। সার্বিক প্রস্ত্ততি তদারকির জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামকে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় আরও জানানো হয়, ‘ওটি সাউদার্ন স্টার-৭’ নামের তেলবাহী ট্যাংকারটিকে ধাক্কা দেওয়া অপর তেলবাহী জাহাজ ‘এম টি টোটাল’কে গতকাল ভোলা থেকে আটক করা হয়েছে। জাহাজটির সার্ভে ও নিবন্ধন সনদও স্থগিত করা হয়েছে। আগামী দু-তিনদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে সভায় আশা করা হয়।

সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (টাস্কফোর্স) মো. নুর-উর-রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এবং সমুদ্র পরিবহণ অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহম্মেদের নেতৃত্বে গঠিত অপর একটি তদন্ত কমিটি ইতিমধ্যে ট্যাংকার ডুবির ঘটনা তদন্তের কাজ শুরু করেছে।

সভায় অন্যান্যের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফয়েজ আহম্মদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসির আরিফ মাহমুদ ও যুগ্মসচিব মো. সোহরাব হোসেন শেখ উপস্থিত ছিলেন।