শ্যালা নদীতে নৌরুট স্থায়ী বন্ধের সুপারিশ নাকচ নৌ মন্ত্রণালয়ের
সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির এলাকায় নৌরুট স্থায়ীভাবে বন্ধে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের করা সুপারিশ নাকচ করে দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
আজ রোববার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বৈঠকের পর নৌ মন্ত্রণালয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বন ও পরিবেশ মন্ত্রণালয় নৌরুট বন্ধে তাদের সুপারিশ তুলে ধরে। তবে ওই বৈঠকে নৌ মন্ত্রণালয় থেকে জানানো হয়, আপাতত এই নৌরুট স্থায়ীভাবে বন্ধের বিষয়ে তারা ভাবছে না।
নৌ মন্ত্রণালয়ের বৈঠকে উপস্থিত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত মঙ্গলবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্যালা নদীতে নৌ চলাচল বন্ধের নির্দেশ দিেয়ছিল নৌ মন্ত্রণালয়। ওই দিন ভোরেই এ দুর্ঘটনা ঘটে। এরপর গত কয়েক দিনে ওই ট্যাংকারে থাকা ফার্নেস অয়েল সুন্দরবনের ৩৫০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। গত পাঁচ দিনে ২২টি জোয়ার-ভাটায় এই তেল ক্রমশ বিস্তৃত হয়েছে। তবে বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া পশুর ও শ্যালা নদীর মাঝখান থেকে তেলগুলো সরে গেছে। নদী দুটির সঙ্গে যুক্ত শতাধিক খালের মধ্যেও এই তেল ঢুকে পড়েছে।
সুন্দরবনের বাংলাদেশ অংশের মোট আয়তন ছয় হাজার কিলোমিটার। সেই হিসাবে সুন্দরবনের ৬ শতাংশ এলাকায় তেল ছড়ালেও এই এলাকা সুন্দরবনের সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ এলাকা। বনের কত দূর এলাকায় তেল ছড়াল, তার প্রাথমিক হিসাব করে এ তথ্য জানিয়েছে বন বিভাগ।