শ্যালা নদীতে বাণিজ্যিক নৌযান চলাচল বন্ধের দাবি
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অবিলম্বে বনের ভেতরে শ্যালা নদী দিয়ে সব ধরনের বাণিজ্যিক নৌযান চলাচল বন্ধের আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। একই সঙ্গে নিরবচ্ছিন্ন জাহাজ চলাচলের জন্য মংলা-ঘষিয়াখালী নৌপথ দিন-রাত ২৪ ঘণ্টা খুলে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
শ্যালা নদীতে আবার নৌ-দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দেওয়া বিবৃতিতে জাতীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে সরকারের প্রতি এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, সুন্দরবন রক্ষায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে মংলা-ঘষিয়াখালী নৌপথ খননের পরও বিকল্প নৌপথটি পুরোপুরি সচল হয়নি। দীর্ঘ ১৯ মাস খননকাজ অব্যাহত থাকলেও পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত জলকপাট, সরকারি খালের মুখে অনেক অবৈধ বাঁধ ও পরিবেশবিনাশী চিংড়িঘেরের কারণে অস্বাভাবিক হারে দ্রুত পলি জমায় বিকল্প নৌপথটি শতভাগ সচল হচ্ছে না। এ কারণে সুন্দরবনের ভেতর দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচল বন্ধ করা সম্ভব হয়নি। অবিলম্বে সব জলকপাট অপসারণসহ এসব বাঁধ ও চিংড়িঘের উচ্ছেদের জোর দাবি জানান জাতীয় কমিটির নেতারা।
গত শনিবার সন্ধ্যায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলাভোলা এলাকায় শ্যালা নদীতে দুর্ঘটনাকবলিত হয় ১ হাজার ২৩৫ টন কয়লাবোঝাই লাইটার জাহাজ ‘এমভি সি হর্স-১’।