শ্যালা নদীতে যান চলাচল স্থায়ীভাবে বন্ধের সুপারিশ
কয়লাবাহী কার্গো ডুবির কারণে সুন্দরবনের শ্যালা নদীতে নৌ-যান চলাচল স্থায়ীভাবে বন্ধের সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
শ্যালা নদীর তাম্বুলবুনিয়া এলাকায় গতকাল শনিবার রাতে এক হাজার ২৩৫ টন কয়লা নিয়ে ডুবে যায় এম ভি সি হর্স নামের একটি লাইটারেজ জাহাজ। এর আগে ২০১৪ সালের ৯ ডিসেম্বর শ্যালা নদীতে ওটি সাউদার্ন স্টার-৭ নামের একটি তেলবাহী জাহাজটি ডুবে যায়। এতে সুন্দরবনের ৩৫৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে সাড়ে তিন লাখ লিটার ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর শ্যালা নদীতে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে নৌপরিবহন মন্ত্রণালয়ের চাপে তা আবার খুলে দেওয়া হয়। ওই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্যালা নদীর বিকল্প পথ হিসেবে ঘষিয়াখালী নৌচ্যানেলটি দ্রুত খনন করে নৌযান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও একই সুপারিশ করেছিল। কিন্তু চ্যানেলটি এখনো বড় যান চলাচলের উপযোগী নয়।
আজ বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি হাছান মাহমুদ বলেন, কমিটি শ্যালা নদীতে নৌ চলাচল স্থায়ীভাবে বন্ধ করার সুপারিশ করেছে। তিনি অভিযোগ করেন, ঘষিয়াখালী চ্যানেল খনন করে তোলা মাটি আবার একই জায়গায় ফেলা হয়। যে কারণে খনন করে কোনো লাভ হচ্ছে না। তুলে আনা মাটি অন্য জায়গায় ফেলা হলে ঘষিয়াখালী চ্যানেল দিয়ে নৌযান চলাচল সম্ভব হবে।
হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, টিপু সুলতান, ইয়াসিন আলী ও মেরিনা রহমান অংশ নেন।