শ্যালা নৌপথ চালুর দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নদীর নৌপথটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন খুলনা শিল্প ও বণিক সমিতির নেতারা। এ দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা। জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে বলা হয়, শ্যালা নদীর নৌপথ বন্ধ থাকায় দেশের ভেতরে পণ্য পরিবহনে স্থবিরতা দেখা দিয়েছে। মংলা বন্দরের বহির্নোঙর থেকে কোনো ধরনের পণ্য দেশের অন্য স্থানে পাঠানো যাচ্ছে না। কাঁচামাল পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় দেশের লবণ কারখানা, সিমেন্টের কারখানা বন্ধের উপক্রম হয়েছে। এ অবস্থায় দ্রুত নৌপথটি চালু না করলে মংলা বন্দর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা তৈরি হবে।
এ সময় ব্যবসায়ী নেতারা জানান, শ্যালা নদীর নৌপথ বন্ধ থাকায় মংলা বন্দর থেকে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, আশুগঞ্জসহ দেশের ভেতরে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। নদীর দুই পাশে আটক পড়ে আছে দুই শতাধিক ছোট-বড় জাহাজ। এ অবস্থায় দ্রুত নৌপথটি চালু না করলে ব্যবসা-বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা।