শ্যালায় নৌ চলাচল: ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি
জাতিসংঘের গবেষক দলের প্রতিবেদন প্রকাশের আগে সুন্দরবনের শ্যালা নদীতে কেন নৌযান চলাচলের অনুমতি দেওয়া হলো, সে বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কমিটি শ্যালা নদীতে তেলবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার সুপারিশ করেছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি হাছান মাহমুদ সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বলেন, শ্যালা নদীতে তেলবাহী জাহাজডুবির পর সেখানে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষক দল কাজ করে যাচ্ছেন। জাতিসংঘের প্রতিনিধি দলও এলাকাটি পরিদর্শন করেছেন। তারা এখনো চূড়ান্ত প্রতিবেদন দেয়নি। অথচ নৌপরিবহন মন্ত্রণালয় তার আগেই শ্যালা নদীতে নৌ চলাচলের অনুমতি দিয়েছে। এ ধরনের সিদ্ধান্তকে সংসদীয় কমিটি যৌক্তিক মনে করে না। সে জন্য কমিটি মন্ত্রণালয়ের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে।
সুন্দরবনের শ্যালা নদীতে গত ৯ ডিসেম্বর তেলবাহী জাহাজ ডুবে গেলে সাড়ে তিন লাখ টন ফার্নেস ওয়েল ছড়িয়ে পড়ে। এরপর সাময়িকভাবে শ্যালা নদীতে নৌ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সুন্দরবনে তেল দূষণের ঘটনায় জাতিসংঘও উদ্বেগ জানায়। ১৮ ডিসেম্বর তারা বাংলাদেশে একটি গবেষক দল পাঠায়। ২২ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ওই গবেষক দল সুন্দরবন পরিদর্শন করে।
গত ৬ জানুয়ারি নৌযান শ্রমিক ফেডারেশন নৌপথটি খুলে না দিলে ধর্মঘটের হুমকি দেয়। একই দিন নৌপরিবহন মন্ত্রণালয় শ্যালা নদীতে নৌযান চলাচলের অনুমতি দেয়।
ব্রিফিংয়ে হাছান মাহমুদ বলেন, ‘তেলবাহী জাহাজগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। এরা সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে ছাড়পত্র নিয়ে চলে। এসব জাহাজ তেল পরিবহনে সক্ষম কি না, সে বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া জরুরি।’ তিনি জানান, সুন্দরবনে তেল দূষণের দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে পরীক্ষা চালানোর পরামর্শ দিয়েছে কমিটি। এ কাজে চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বন বিভাগকে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে।
হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নবী নেওয়াজ, ইয়াহইয়া চৌধুরী, টিপু সুলতান, মজিবুর রহমান চৌধুরী, ইয়াসিন আলি ও মেরিনা রহমান অংশ নেন।