শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শ্যালিকাকে বলবর্ধক কোমল পানীয় খাইয়ে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে জুতাপেটা করে পুলিশে সোপর্দ করা হয়েছে৷
ওই ব্যক্তির নাম রকেট মিয়া (৩৮)৷ উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে রকেট মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রাজারহাট উপজেলার ঘাটবাড়ী এলাকার বাসিন্দা রকেট মিয়া উলিপুর উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে যান। সেখানে গত মঙ্গলবার দিবাগত রাতে তিনি সপ্তম শ্রেণিতে পড়ুয়া শ্যালিকাকে (১৪) বলবর্ধক কোমল পানীয় পান করান। ওই রাতেই তিনি শ্যালিকাকে ধর্ষণ করেন৷ এতে মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে৷ এ অবস্থায় পরিবারের লোকজনের মনে সন্দেহ দেখা দেয়। বুধবার সন্ধ্যায় মেয়েটি পরিবার সদস্যদের ঘটনা খুলে বলে। এতে পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে গতকাল রকেট মিয়াকে জুতাপেটা করে৷ পরে তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়৷ এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা করেন৷
বাংলাদেশ মানবাধিকার কমিশন, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, পরিবারে সংঘটিত অপরাধ লজ্জার কারণে কেউ প্রকাশ করতে চায় না। সেদিক থেকে এই পরিবারের লোকজন সাহসী উদ্যোগ নিয়েছে৷ তাদের সাধুবাদ জানাই। এর ফলে অপরাধীরা নিরুৎসাহিত হবে।