শ্যালো ইঞ্জিনচালিত যান বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
মানিকগঞ্জের হরিরামপুরে নছিমন, করিমনসহ শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ছোট যানের চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদর থেকে শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলজার হোসেন। বক্তব্য দেন সুজন কুমার সরকার, দেওয়ান আবদুর রব, আবদুল আজিজ, মোহিত চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে নছিমন, করিমনসহ শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ছোট যান চলাচল করে। এসব যানের ফিটনেস না থাকায় এবং অদক্ষ চালকদের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সমপ্রতি কয়েকটি দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি ঘটেছে। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে এসব অবৈধ যানের চলাচল বন্ধের দাবি জানান। এসব যানের চলাচল বন্ধ করা না হলে সড়ক অবরোধসহ বড় ধরনের আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তাঁরা। সমাবেশ শেষে উপজেলা ভাইস চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। এ ব্যাপারে হরিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান সৈয়দ হাসান ইমাম বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি তিনি পেয়েছেন। বিষয়টির সুরাহার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।