শ্যালো ইঞ্জিনচালিত যানে ভুয়া নিবন্ধন নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক-মহাসড়কে চলাচল অবৈধ। কোনো বিধান নেই নিবন্ধন পাওয়ারও। তবু ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সড়ক-মহাসড়কে নিবন্ধন নম্বর লাগিয়ে শ্যালো ইঞ্জিনচালিত এসব অবৈধ যানবাহনে যাত্রী ও মালামাল পরিবহন করা হচ্ছে।

বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বলছে, শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের নিবন্ধন দেওয়ার কোনো বিধান নেই। শ্যালো ইঞ্জিনচালিত যেসব যানবাহনে নিবন্ধন নম্বর দেখা যাচ্ছে, তা ভুয়া।

জেলা মোটর মালিক সমিতির সূত্রমতে, ঠাকুরগাঁও জেলায় ২ হাজারের বেশি শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করছে। এর মধ্যে দুই শতাধিক যানবাহন নিবন্ধন নম্বর লাগিয়ে যাত্রী ও মালামাল পরিবহন করছে। এসব যানবাহনের সব নিবন্ধন নম্বরই ভুয়া।

গত শনিবার খোঁচাবাড়িহাট, সোমবার বালিয়াডাঙ্গীর লাহিড়ীহাট ও মঙ্গলবার হরিপুরের যাদুরানীহাটসহ ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, গবাদিপশু ও যাত্রী পরিবহনের জন্য সারি করে রাখা হয়েছে শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন। এগুলোর সামনে ও পেছনে সাদা রঙের ওপরে কালো রঙের অক্ষরে নিবন্ধন নম্বর লেখা।

শ্যালো ইঞ্জিনচালিত এসব পরিবহনের প্রকৃত কাগজ আছে কি না, সে সম্পর্কে চালক আবদুর রহমান (৩৭) বলেন, ‘ওয়ার্কশপ থেকে গাড়ি ডেলিভারি নেওয়ার পর মালিক আমাদের এভাবেই বুঝিয়ে দিয়েছেন। সেই থেকে চালিয়ে যাচ্ছি। কখনো প্রকৃত কাগজপত্রের প্রয়োজন হয়নি। ড্রাইভারি করে সংসার চালাতে হিমশিম খাচ্ছি, প্লেটে লেখা নম্বরটি আসল না ভুয়া, তা নিয়ে ভাবার সময় কোথায়?’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন এলাকার শ্যালো ইঞ্জিনচালিত একটি পরিবহনের মালিক রমজান আলী বলেন, কারখানা থেকে রংশিল্পীরা ওই নিবন্ধন নম্বরগুলো লিখে দিয়েছেন। তিনি স্বীকার করেন, এসব শ্যালো ইঞ্জিনচালিত পরিবহনের কোনো নিবন্ধন নেই এবং নিবন্ধনের পক্ষে কোনো কাগজপত্রও নেই।

নিবন্ধন ও প্রকৃত কাগজপত্র ছাড়া কীভাবে এসব যানবাহন রাস্তায় চলছে? ঠাকুরগাঁওয়ের হরিপুরের জামুন গ্রামের একটি শ্যালো ইঞ্জিনচালিত পরিবহনের চালক রইসুল আলীর কাছে জানতে চাইলে, তিনি বলেন, অনেককে ম্যানেজ করেই চলছে। তবে কাদের ম্যানেজ করতে হচ্ছে, সে বিষয়টি তিনি এড়িয়ে যান।

যানবাহনে ভুয়া নিবন্ধন নম্বর ব্যবহার করার অপরাধে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে বলে জানান ঠাকুরগাঁও বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম। তিনি আরও বলেন, জনবল-সংকটের কারণে সব সময় এসব ভুয়া নিবন্ধন নিয়ে চলাচল করা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

শ্যালো ইঞ্জিনচালিত পরিবহনে নিবন্ধন নম্বর ব্যবহার করা হচ্ছে, যেগুলো ভুয়া বলে স্বীকার করে ঠাকুরগাঁও শহর ওযানবাহন পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, ‘আমরা মঝেমধ্যে হানা দিয়ে শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনগুলো আটক করি। আর এসব যানবাহনের গায়ে ভুয়া নিবন্ধন নম্বর পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, ‘সড়কে অবৈধ যানবাহন পেলে আমরা তা আটক করছি।’