শ্যালো মেশিনের তারে জড়িয়ে তিনজন নিহত
দিনাজপুর সদর উপজেলার খোদমাধবপুর গ্রামে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুকুর সেচতে গিয়ে শ্যালো টিউবওয়েলের তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
নিহত ব্যক্তিরা হলেন সাব্বির হোসেন (১৮), মো. মোসাদ্দেক হোসেন (৪৫) ও মো. সাদেকুল ইসলাম (১৮)। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় মো. মফিজুল হককে (৫০) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত লোকজনের প্রতিবেশীরা জানান, পোনা মাছ ছাড়ার উদ্দেশ্যে আজ বিদ্যুত্চালিত শ্যালো টিউবওয়েল দিয়ে পুকুরের পানি ছেঁকে ফেলার উদ্যোগ নেওয়া হয়। শ্যালো টিউবওয়েলে বিদ্যুত্ লাইন দিতে গিয়ে সাব্বির হোসেন বৈদ্যুতিক শর্ট সার্কিটে জড়িয়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে প্রথমে প্রতিবেশী মোসাদ্দেক ও পরে সাদেকুল ইসলাম বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। মফিজুল হক গুরুতর আহত হন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।