শ্রদ্ধা আর ভালোবাসায় অন্তিম বিদায় মাইনুল হোসেনের

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় অন্তিম বিদায় দেওয়া হলো জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় তাঁর মরদেহ বারডেম হাসপাতাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে গেলে সেখানে মাইনুল হোসেনের পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই আয়োজন করে।
শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, মাইনুল হোসেন খুব নিভৃতচারী মানুষ ছিলেন। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন তাঁর কীর্তি বাংলাদেশের মানুষের হৃদয়ে থাকবে।
আসাদুজ্জামান নূর বলেন, ভবিষ্যতে দেশের সব গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং এর পরিকল্পনাকারী ও নকশাকারদের জীবনেতিহাস এবং স্থাপনার নকশা সংগ্রহ করে সাধারণ মানুষকে জানানোর জন্য জাতীয় জাদুঘরের এক জায়গায় সংরক্ষণ করা হবে।
মাইনুল হোসেনকে যথাযথ সম্মান দেখানোর ক্ষেত্রে কিছুটা ঘাটতি ছিল উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘মাইনুল হোসেন সমাজ থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন। অনেক সংবেদনশীল ও সৃজনশীল মানুষ ছিলেন। তাই অনেক সময় চাইলেও তাঁকে সেই খোলস থেকে বের করে আনতে পারিনি।’
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, মহান স্বাধীনতা আন্দোলনে শহীদদের জন্য তিনি যে স্মৃতিস্তম্ভ তৈরি করেছেন, তা মানুষ আজীবন শ্রদ্ধায় স্মরণ করবে। অসামান্য কীর্তির পরও তাঁর প্রতি জাতির যে সম্মান জানানো, পর্যাপ্ত চিকিৎসাসেবা, সুযোগ-সুবিধা দেওয়ার দরকার ছিল, তা দেওয়া হয়নি।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, শিল্পী মুস্তাফা মনোয়ার, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে উপস্থিত হয়েছিলেন। শহীদ মিনার প্রাঙ্গণে একটি শোকবই খোলা হয়। দুপুর সাড়ে ১২টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাইনুল হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।