শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ২২ দেশি-বিদেশি নাগরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বনানীর আর্মি স্টেডিয়ামে গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বনানীর আর্মি স্টেডিয়ামে গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন জঙ্গি হামলায় নিহত ২২ দেশি-বিদেশি নাগরিক। দুদিনের জাতীয় শোকের শেষ দিনে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নিহতদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর তিনটি মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে।

১৭ বিদেশির মধ্যে সাতটি মরদেহ গতকালই জাপানের উদ্দেশে নেওয়া হয়েছে। ইতালির নয় নাগরিকের মরদেহ আজ মঙ্গলবার দেশের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। অপরদিকে ভারতীয় নাগরিক তারিশি জৈনের মৃতদের গতকালই দিল্লিতে নেওয়া হয়।

গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত শোকাবহ এ অনুষ্ঠানে কোনো বক্তৃতা ছিল না। তবে শোককে শক্তিতে পরিণত করা ও জঙ্গিবাদকে কঠোর হাতে মোকাবিলার মনোভাব প্রকাশ পায় সরকারে নীতি নির্ধারকদের অনানুষ্ঠানিক মন্তব্য ও পারস্পরিক কথোপকথনে।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা (ওপরে বাঁয়ে), জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে (ওপরে ডানে), ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা (নিচে বাঁয়ে) ও মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট (নিচে ডানে) l ছবি: ফোকাস বাংলা
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা (ওপরে বাঁয়ে), জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে (ওপরে ডানে), ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা (নিচে বাঁয়ে) ও মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট (নিচে ডানে) l ছবি: ফোকাস বাংলা

সরকারপ্রধান থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকেরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করেন গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস হামলায় নিহত ১৭ বিদেশি নাগরিক ও তিন বাংলাদেশিকে বিনম্র শ্রদ্ধা। সেখানে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা স্বজনদের কান্না চাপা চেহারা, কখনো কান্নায় ভেঙে পড়ার দৃশ্য অন্যদের আবেগাপ্লুত করে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগ, বিএনপি, ১৪ দল, জাতীয় পার্টি, ১১ দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নিহতদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং বিদেশি কূটনীতিকেরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় গত শুক্রবার রাতে ২২ জন নিহত হন। এঁদের মধ্যে বাংলাদেশের দুই নাগরিক ফারাজ আইয়াজ হোসেন ও ইশরাত আকন্দ এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অবিন্তা কবীরের মরদেহ তাঁদের স্মরণে নির্মিত উঁচু মঞ্চে মঞ্চে রাখা হয়। ফারাজ ও ইশরাতের কফিন ঢাকা ছিল বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে। অবিন্তার কফিন আবৃত ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা দিয়ে।

বাকি ১৭ জন বিদেশির মরদেহ সেখানে নেওয়া হয়নি। উল্লেখ্য, ওই নৃশংস ঘটনায় ইতালির নয়জন, জাপানের সাতজন ও ভারতের একজন নাগরিক নিহত যান। অনুষ্ঠানের শুরুতেই বলা হয়, জাপানি রীতি অনুয়ায়ী সে দেশের নিহত নাগরিকের জন্য রোববার রাত থেকেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। জাপানের সাতজনের মরদেহ গতকালই বিশেষ একটি বিমানে ঢাকা থেকে নেওয়া হয়েছে। এ ছাড়া ইতালির একটি বিমান সোমবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আজ দুপুরের মধ্যে মরদেহগুলো ইতালির উদ্দেশে নেওয়ার কথা।

 হামলায় পাঁচ দেশের নাগরিকেরা নিহত হওয়ায় মঞ্চের পেছনে পাঁচটি দেশের পতাকা টাঙানো হয়। বাঁ দিকে প্রথমে ভারতের, এরপর ইতালির পতাকা ছিল। মাঝে ছিল বাংলাদেশের পতাকা। ডান দিকে ছিল জাপান ও যুক্তরাষ্ট্রের পতাকা।

এই নৃশংস হত্যা ও হামলার ঘটনায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এর দ্বিতীয় দিনে গতকাল সকাল ১০টায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী সরকারের পক্ষে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তার আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদেশে থাকায় তাঁর পক্ষে কমান্ডার মিনহাজ আলম নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী জঙ্গি হামলায় নিহত দুই বাংলাদেশি ফারাজ আইয়াজ হোসেন, ইশরাত আকন্দ এবং অবিন্তা কবীরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন। ফারাজের পরিবারের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন তাঁর বাবা ওয়াকার হোসেন, মামা আরশাদ ওয়ালিউর রহমান, বড় ভাই যারেফ আয়াত হোসেন এবং খালাতো ভাই জোহেব হক ও মিখাইল হক।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অবিন্তার স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী তাঁদের সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রী অপর চার দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও কথা বলেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে ও ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা পৃথকভাবে শ্রদ্ধা জানান। এরপর বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা এক সঙ্গে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান।

আর্মি স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়া সময় ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকের বলেন, প্রতিবেশী, বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসাবে বাংলাদেশের যেকোনো সংকটে পাশে থাকবে ভারত। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশকে সব রকম সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, সাহারা খাতুন, আসাদুজ্জামান খান কামাল, কামরুল ইসলাম, মুজিবুল হক, এ এইচ মাহমুদ আলী, মাহবুবুল আলম হানিফ, আবদুর রাজ্জাক, ফারুক খান, শাহরিয়ার আলম প্রমুখ। উপদেষ্টাদের মধ্যে ছিলেন এইচ টি ইমাম, গওহর রিজভী, তৌফিক-ই ইলাহী চৌধুরী, তারিক আহমেদ সিদ্দিক প্রমুখ। ১৪ দলের শরিক নেতাদের মধ্যে দুই মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু ছিলেন ওই অনুষ্ঠানে।

সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, পুলিশ ও র‍্যাবসহ অন্যবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান, বেসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তারা গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর পুলিশ ও ঢাকার বিভাগীয় কমিশনারের পক্ষ থেকেও এ সময় ফুল দেওয়া হয়।

 রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের সাধারণ জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য মঞ্চ উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, ১৪ দল, ১১ দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ঢাকার দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন পুষ্পস্তবক অর্পণ করেন।

বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আবদুল্লাহ আল নোমান, রুহুল কবির রিজভী, মাহবুবউদ্দিন খোকন প্রমুখ নিহতদের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দেন।

জাতীয় ঐক্য চাইলে বিএনপির সঙ্গে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে—আওয়ামী লীগ নেতাদের দেওয়া এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, এ ধরনের শর্ত দেওয়া থেকে বোঝা যায় সরকার জাতীয় ঐক্য গড়তে আগ্রহী নয়। তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে সবকিছুর ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।