শ্রদ্ধা ও ভালোবাসায় অন্তিম বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ হাবিবুর রহমান
মুহাম্মদ হাবিবুর রহমান

ফুলে ফুলে ভরে উঠেছিল কফিন। তিনি চিরনিদ্রায় শায়িত। সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধায় অন্তিম বিদায় জানানো হলো তাঁকে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে শায়িত হলেন দেশের বিবেকসম ব্যক্তি ভাষাসৈনিক, সাবেক প্রধান বিচারপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। আকস্মিক অসুস্থতায় গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন।
গতকাল সকালে ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে মুহাম্মদ হাবিবুর রহমানের মরদেহ তাঁর গুলশানের বাসভবনে আনা হয়। সেখানে পরিবারের সদস্য ও সুহূদেরা তাঁকে শেষবারের মতো কাছে পান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
গুলশান থেকে বেলা ১১টার কিছু পরে তাঁকে আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আগে থেকেই পুষ্পস্তবক নিয়ে লম্বা সারি দিয়ে অপেক্ষা করছিলেন অগণিত মানুষ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়েছিল ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে শ্রদ্ধা নিবেদনের পালা। কে ছিলেন না সেই দীর্ঘ সারিতে। মন্ত্রিপরিষদের বর্তমান ও সাবেক সদস্য, সাংসদ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী, পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিল্পী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, ছাত্র ও বহু সাধারণ মানুষ এসেছিলেন মুক্তমনের বহু গুণের অধিকারী এই মানুষটিকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে।
শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, মন্ত্রীদের মধ্যে ছিলেন নুরুল ইসলাম নাহিদ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আসাদুজ্জামান নূর। এ ছাড়া আইনবিদ কামাল হোসেন, অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীসহ ছিলেন অনেকে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নূহ-উল-আলম লেনিন ও জাহাঙ্গীর কবির নানক, সিপিবির পক্ষে মনজুরুল আহসান খান ও মুজাহিদুল ইসলাম সেলিম, ঐক্য ন্যাপের পক্ষে পঙ্কজ ভট্টাচার্য কফিনে ফুল দেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্যরা শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে ছিল ওয়ার্কার্স পার্টি, জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক বাম মোর্চা, গণসংহতি আন্দোলন, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, যুব মৈত্রী, ছাত্র মৈত্রী প্রভৃতি। আরও ছিল সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ, গণজাগরণ মঞ্চ, সিপিডি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, মানবাধিকার কমিশন, আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, পেশাজীবী সমন্বয় পরিষদ, ফেডারেল ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ), কর্মজীবী নারী, বাংলাদেশ মহিলা পরিষদ, সম্মিলিত সামাজিক আন্দোলন, আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, বাংলাদেশ টেলিভিশন ও দেশ টিভি।

কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন । ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন । ছবি: প্রথম আলো

শ্রদ্ধা জানিয়েছে এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, শিশু একাডেমী, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, ঋষিজ শিল্পীগোষ্ঠী, খেলাঘর, একুশে চেতনা পরিষদ, নৃত্যশিল্পী সংস্থা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, ঢাকা পদাতিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, এথিকস ক্লাব বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ তাঁর কর্মময় জীবন ও অবদানের কথা তুলে ধরে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। বিষণ্ন হয়ে ওঠে স্তব্ধ পরিবেশ।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে সংক্ষিপ্ত সময়ের জন্য নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমিতে। এখানে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আনা হয় তাঁর দীর্ঘ দিনের কর্মস্থল হাইকোর্টে। এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, বিচারপতি ও প্রবীণ-নবীন আইনজীবীরা তাঁরা প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাদ জোহর সম্পন্ন হয় তাঁর জানাজা। এরপর তাঁর প্রতি সম্মান জানিয়ে বেলা দুইটা থেকে আদালতের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
হাইকোর্ট থেকে মরদেহ আনা হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ আসর তাঁর শেষ জানাজা হয়। এখান থেকে তাঁকে আনা হয় বনানী কবরস্থানে। বেলা তখন ডুবুডুবু, অন্তিম শয্যায় শায়িত করা হয় তাঁকে।
কুলখানি: পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ মঙ্গলবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মুহাম্মদ হাবিবুর রহমানের কুলখানি অনুষ্ঠিত হবে। তাঁর সজন সুহূদদের কুলখানিতে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।