শ্রদ্ধা ও ভালোবাসায় রঙ্গলাল সেনের শেষ বিদায়
রাষ্ট্রীয় সম্মান, অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী রঙ্গলাল সেনকে।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, অপরাজেয় বাংলা ও কেন্দ্রীয় শহীদ মিনারে বিশিষ্ট নাগরিক, সহকর্মী, ছাত্রছাত্রী ও অসংখ্য শুভানুধ্যায়ী তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত সোমবার চট্টগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল সকাল ১০টায় অপরাজেয় বাংলার সামনে রঙ্গলাল সেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। প্রয়াতের কফিনে জড়িয়ে দেওয়া হয় লাল-সবুজ পতাকা। এরপর তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন প্রমুখ।
বেলা ১১টার দিকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, রামেন্দু মজুমদার, পংকজ ভট্টাচার্য, অজয় রায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ।
সিপিবি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, মহিলা পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও প্রয়াতের কফিনে শ্রদ্ধা জানানো হয়। পরে লালবাগ কিল্লার মোড় শ্মশানে প্রয়াতকে দাহ করা হয়। রঙ্গলাল সেনের জন্ম ১৯৩৩ সালের ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজারে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে ১৯৯৩ সালে অবসর গ্রহণের পর পাঁচ বছর চুক্তিভিত্তিক শিক্ষকতা করেন।