শ্রদ্ধা জানাতে ভক্তদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিসম্পন্ন বৌদ্ধধর্মীয় সাধক প্রয়াত বনভান্তের দর্শনলাভ এবং তাঁকে শ্রদ্ধা জানাতে গত মঙ্গলবার মধ্যরাত থেকে রাঙামাটি রাজবন বিহারে ছিল লাখো মানুষের ঢল। এদিকে বৌদ্ধধর্মের বিনয় ও বিজ্ঞানমতে, যত দিন সম্ভব বনভান্তের মরদেহ সংরক্ষণের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন রাজবন বিহার পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায়। এ সময় বনভান্তের মহাপরিনির্বাণ লাভ উপলক্ষে দীর্ঘ ও স্বল্পমেয়াদি বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে। তার মধ্যে শনিবার রাজবন বিহার মাঠে হবে বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কারদান, বুদ্ধমূর্তিদানসহ বিভিন্ন দান অনুষ্ঠান।দেবাশীষ রায় আরও জানান, বিভিন্ন এলাকার পুণ্যার্থী-ভক্তদের বনভান্তেকে দেখা ও শ্রদ্ধা নিবেদনের জন্য আরও কয়েক দিন ব্যবস্থা থাকবে। এ ছাড়া ভিক্ষু সংঘের অনুমতি পাওয়া গেলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, দীঘিনালা ও বান্দরবানে বনভান্তের মরদেহ নিয়ে যাওয়া হবে। গত সোমবার বিকেল চারটায় রাজধানীর একটি হাসপাতালে বনভান্তে খ্যাত সাধনানন্দ মহাস্থবিরের মহাপ্রয়াণ হয়। মঙ্গলবার মধ্যরাতে তাঁর মরদেহ রাঙামাটি রাজবন বিহার মাঠে আনা হয়। এ সময় হাজার হাজার নারী-পুরুষ তাঁকে দর্শন ও শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত ভক্তদের উদ্দেশে রাজা দেবাশীষ রায় বলেন, ‘বনভান্তে আমাদের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। তাঁর অহিংস নীতি, সব জীবের প্রতি দয়া, করুণা ও সম্প্রীতি অনুসরণের যে শিক্ষা, তা সবার পালন করতে হবে।’ পরে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বনভান্তেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শিষ্যমণ্ডলী, রাজা দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সেনাবাহিনীর রাঙামাটি আঞ্চলিক সদর দপ্তরের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল শামসুজ্জামান, পুলিশ সুপার মাসুদ-উল হাসান, রাজবন বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ানসহ জেলা প্রশাসন, রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। গতকাল বুধবারও সকাল থেকে সারা দিন পুণ্যার্থী নারী-পুরুষ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।এদিকে পরবর্তী করণীয় নির্ধারণে গতকাল বেলা ১১টায় রাজবন বিহারের অতিথিশালার সভাকক্ষে রাজা দেবাশীষ রায় বিহার পরিচালনা কমিটি, স্থানীয় বয়োজ্যেষ্ঠ বৌদ্ধধর্মাবলম্বী ও চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় বনভান্তের মরদেহ সংরক্ষণ, মহাপরিনির্বাণ উপলক্ষে আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠান আয়োজন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বনভান্তের চিকিৎসার সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন রাঙামাটি সদর উপজেলা চিকিৎসা কর্মকর্তা স্নেহ কুমার চাকমা। এখন তিনি মরদেহ সংরক্ষণের দায়িত্বে রয়েছেন। স্নেহ কুমার চাকমা জানান, বর্তমানে জাপান-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের শীতাতপনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বনভান্তের মরদেহ রাখা হয়েছে। মরদেহ দীর্ঘ মেয়াদে সংরক্ষণের চিন্তাভাবনা চলছে।