শ্রদ্ধা-ভালোবাসায় উক্যচিং মারমার অন্ত্যেষ্টিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আদিবাসী মুক্তিযোদ্ধা উক্যচিং মারমা বীর বিক্রমের মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া গতকাল রোববার সম্পন্ন হয়েছে। শ্মশানে নেওয়ার সময় বিজিবির সদস্যরা তাঁদের সাবেক নায়েক সুবেদারকে বীর হিসেবে অভিহিত করে সালাম প্রদান করেন।
মরদেহ শ্মশানে নেওয়ার আগে শহরের লাঙ্গিপাড়ার নিজ বাসভবনে উক্যচিং বীর বিক্রমকে শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানান শত শত আদিবাসী ও বাঙালি নারী-পুরুষ।
উক্যচিং বীর বিক্রমের ছেলে বাবলু মারমা জানান, বৌদ্ধধর্মীয় রীতি ও মারমা ঐতিহ্য অনুযায়ী তাঁর বাবার মরদেহ লাঙ্গিপাড়ার শ্মশানে দাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা তিনটায় শ্মশানে বিদেহী আত্মার শান্তি কামনা করে বৌদ্ধভিক্ষুদের শীল দেশনার পর তাঁর মরদেহ দাহ করা হয়।
শ্রদ্ধা জানাতে আসা প্রবীণ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) তারু মিয়া বলেন, বান্দরবানের মানুষ একজন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিকে হারাল। বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, উক্যচিং বীর বিক্রম লাঙ্গিপাড়াবাসীর রক্ষাকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে পাড়াবাসীর টিকে থাকা দায় হয়ে পড়বে।
উল্লেখ্য, ব্রেইন স্ট্রোক হয়ে গত শুক্রবার আদিবাসী মুক্তিযোদ্ধাদের মধ্যে একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত উক্যচিং মারমা মারা যান।
শোক: উক্যচিং বীর বিক্রমের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং জেলা পরিষদ, পৌরসভা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, আদিবাসী ফোরাম, জনসংহতি সমিতি, ইউনিয়ন পরিষদ ফোরামসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।