শ্রদ্ধা ভালোবাসায় শহীদদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল রোববার সারা দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় ফুলে ফুলে ভরে যায় স্মৃতির মিনার।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা : জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন প্রমুখ। সন্ধ্যায় টাউন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া নগরের জামতলায় তিন নদী পরিষদের উদ্যোগে শহীদ দিবস পালিত হয়।
মৌলভীবাজার: রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ সৈয়দা সায়রা মহসিন এবং আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন সংগঠন। সকালে শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে সাতটায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপাচার্য আলী আকবর শহীদদের চেতনায় উদ্বুদ্ধ হতে উপস্থিত সবাইকে শপথ পড়ান। সকালে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া ছাত্র-শিক্ষক কেন্দ্রে আলোচনা সভা হয়।
দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠান হয়। সুবল আফতাব উচ্চবিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা, বিলকিস মোশাররফ বালিকা উচ্চবিদ্যালয়ে প্রচারপত্র, ফেস্টুন, অক্ষর লেখা এবং গৌরীপুর সরকারি ডিগ্রি কলেজে কাগজের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
জামালপুর : কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় শহরের নয়াপাড়া এলাকা থেকে জামালপুর বন্ধুসভার একটি প্রভাতফেরি বের হয়। পরে তাঁরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে শহীদ মিনারে মানুষের ঢল নামে।
টাঙ্গাইল : একুশের প্রথম প্রহরে টাঙ্গাইল শহীদ মিনারে জেলা প্রশাসক মাহবুব হোসেন ও এসপি সালেহ মোহাম্মদ তানভীর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে শহীদ মিনারে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা হয়।
মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুরে বিনা মূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। আটিয়ামামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লায়ন্স ক্লাব অব ঢাকা মাস্টার মাইন্ড এর আয়োজন করে। এ উপলক্ষে আলোচনা সভা হয়। কর্মসূচিতে ২ হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। তাঁদের মধ্যে ১৫০ জন রোগীর চোখে অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।
শেরপুর : প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান, তথ্য কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান, জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, ভারপ্রাপ্ত এসপি আবদুল ওয়ারিশসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকালে প্রভাতফেরি বের হয়। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করে। এ সময় ভাষাসৈনিকদের সংবর্ধনা দেওয়া হয়।
ময়মনসিংহ : রাত ১২টা ১ মিনিটে বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, এসপি মঈনুল হক ফুল দেন। এ ছাড়া আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। গফরগাঁও উপজেলায় ভাষাশহীদ আবদুল জব্বারের বাড়িতে নির্মিত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে।
সুনামগঞ্জ : জেলা প্রশাসনের উদ্যোগে নয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় ৩০টি স্টল অংশ নিয়েছে। সকালে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম মেলার উদ্বোধন করেন। পরে আলোচনা সভা হয়। বইমেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
নিকলী (কিশোরগঞ্জ): প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল সাড়ে ছয়টায় প্রভাতফেরি বের হয়। সকাল নয়টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। সকাল ১০টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ জি সি পাইলট বিদ্যালয় মাঠ থেকে পদযাত্রা করেন।