শ্রদ্ধা ভালোবাসায় শহীদদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল রোববার সারা দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ভরে যায় স্মৃতির মিনার।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
জয়পুরহাট: শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ ছাড়া গতকাল দিনের প্রথম প্রহরে জেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়। সকালে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীরা প্রভাতফেরিতে অংশ নেয়। বিকেলে প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার মাঠে ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী বইমেলারও আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ: রাত ১২টা ১ মিনিটে বাজার স্টেশন চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার ‘মুক্তির সোপানে’ ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিরাজগঞ্জ সদর আসনের সাংসদ হাবিবে মিল্লাত। এরপর জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠী, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তি ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বিকেলে মুক্তির সোপান চত্বরে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত, নারী আসনের সাংসদ সেলিনা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ প্রমুখ।
পাবনা: রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক, জেলা প্রশাসক রেখা রানী বালো ও পুলিশ সুপার আলমগীর কবীর পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর জেলা আওয়ামী লীগ, বিএনপি, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা ড্রামা সার্কেল, গোপালপুর ক্লাব, প্রেসক্লাব ও বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া সকালে পাবনা বইমেলা উদ্যাপন পরিষদ শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণের বইমেলা মঞ্চে শিশুদের হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ: বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিয়ে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে প্রভাতফেরি করে বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি থেকে তোলা চাল-ডালের খিচুড়ি খাওয়া এবং নানা অনুষ্ঠানে পুরো গ্রাম ছিল উৎসবমুখর। অনুষ্ঠানে অংশ নেন কোল ভাষার প্রাক্প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জের প্রথম আলো বন্ধুসভার সদস্যরাও। বরেন্দ্র অঞ্চলের রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং আদিবাসী শিক্ষার্থীরা কোল ভাষায় গেয়ে শোনায়, ‘বাংলা দিশাম মোচ দিশাম/ জন্ম ইঞা নেড়ে/ নিয়া দিশাম বাগিকাতে/ অহচা ইঞা কারে’। অর্থাৎ ‘বাংলাদেশ একটি সুন্দর দেশ/ জন্ম আমার এখানে/ এদেশ ছেড়ে কোথাও যাব না/ এদেশকে আমি ভালোবাসি’। নাচ-গানের ফাঁকে ফাঁকে আলোচনাও অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম, আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জের নারী সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’র মনোয়ারা খাতুন প্রমুখ।
নওগাঁ: গতকাল বিকেলে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য আবদুল মালেক। এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, নওগাঁ সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক ময়নুল হক মুকুল, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, বিশিষ্ট কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী প্রমুখ।
রানীনগর (নওগাঁ): রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভাষাশহীদদের স্মরণে উপজেলার সব সরকারি, বেসরকারি, আধাসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ ছাড়া সকাল নয়টায় শহীদদের স্মৃতির উদ্দেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ইউএনও সোনিয়া বিনতে তাবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল ফারুক জেমস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন প্রমুখ।
দুপচাঁচিয়া (বগুড়া): উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকালে প্রভাতফেরি, আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন, বাংলায় সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে শহীদ মিনার চত্বরে ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র বেলাল হোসেন, আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জি এম সারোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক প্রমুখ।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও ইকবাল আখতার। এ ছাড়া রায়গঞ্জ ক্রিকেট কাউন্সিল (আরসিসি) শহীদ দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।
আত্রাই (নওগাঁ): রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সাংসদ ইসরাফিল আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, ইউএনও মোখলেছুর রহমান, ওসি আবদুল্লাহ আল-মাসউদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান একরামুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি বের করা হয়। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।