শ্রদ্ধা ভালোবাসায় শহীদদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল রোববার সারা দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: দিবসের প্রথম প্রহরে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক এস এম আলম ও পুলিশ সুপার হারুন অর রশীদ। এরপর গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।
এ ছাড়া ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, প্রতিযোগিতা ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত।
নারায়ণগঞ্জ: জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতারা চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবস উপলক্ষে সুধীজন পাঠাগারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও প্রকাশনা উৎসব শিশু-কিশোরদের উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও একুশ উপলক্ষে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। শহীদদের শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন ও পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠনের নেতারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী বইমেলা হয়। জেলা পুলিশ লাইনসে বিভিন্ন বিদ্যালয়ের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মানিকগঞ্জ: জেলা শহরের বিজয় মেলা মাঠসংলগ্ন শহীদ মিনারে প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। এরপর একে একে জেলা পুলিশ, জেলা স্বাস্থ্য বিভাগ ও ভাষাশহীদ রফিক উদ্দিন আহমেদের পরিবারসহ মানিকগঞ্জ প্রেসক্লাব, উদীচী, বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। দিবসটি উপলক্ষে শহরের খালপাড় থেকে মানিকগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত শহীদ রফিক সড়কে আলপনা আঁকা হয়।
সকাল আটটার দিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান।