শ্রদ্ধা-ভালোবাসায় কে জি মুস্তাফার চিরবিদায়
গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় জানানো হলো প্রখ্যাত সাংবাদিক ও ভাষাসৈনিক কে জি মুস্তাফাকে। গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর সন্ধ্যায় তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।এর আগে দুপুরে মোহাম্মদপুর ইকবাল রোড মসজিদে মরহুমের প্রথম দফা জানাজা এবং বিকেলে জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। ইকবাল রোড মসজিদে অনুষ্ঠিত জানাজায় মরহুমের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। আর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত জানাজায় সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।কে জি মুস্তাফা গত শনিবার ভোর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বিকেলে শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মরহুমের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। ভাষাসৈনিক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।শহীদ মিনারে মরহুমের মেজো ছেলে বিবিসি বাংলা সার্ভিসের প্রধান সাবির মুস্তাফা সাংবাদিকদের বলেন, তাঁর বাবার আদর্শ ও সততাকে তিনি সব সময় অন্তরে ধারণ করেন। কে জি মুস্তাফাকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেন ভাষাসৈনিক আবদুল মতিন। বয়সের ভারে ন্যুব্জ আবদুল মতিন বলেন, ‘একজন সহযোদ্ধাকে হারালাম।’ সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, বাম রাজনীতির ধারায় উজ্জীবিত কে জি মুস্তাফা গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের স্বপ্ন দেখতেন। আওয়ামী লীগের নেতা নুহ উল আলম বলেন, কে জি মুস্তাফা প্রতিক্রিয়াশীল রাজনীতির বিরুদ্ধে ছিলেন। কে জি মুস্তাফার বন্ধু মুস্তাফা নূরউল ইসলাম শ্রদ্ধা নিবেদনের পর বলেন, আজীবন তিনি মিথ্যার বিরুদ্ধে কথা বলেছেন। তাঁর লেখা ও বলার মধ্যে সত্য প্রতিষ্ঠার দৃঢ়তা ছিল। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, কে জি মুস্তাফা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক ও বরেণ্য সাংবাদিককে হারাল। শহীদ মিনারে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন আরটিভির নির্বাহী প্রধান ম হামিদ, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, জাকের পার্টির চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সাল প্রমুখ। কে জি মুস্তাফার মৃত্যুতে বিকেলে শহীদ মিনারে একটি শোকবই খোলা হয়। সেখানে অনেকেই শোক প্রকাশ করে স্বাক্ষর করেন। গতকাল সংসদের স্পিকার আবদুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে তাঁরা বলেন, কে জি মুস্তাফা গণমানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। গণফোরামের সভাপতি কামাল হোসেন এক বিবৃতিতে বলেন, এই মৃত্যুতে সাংবাদিক জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা আর পূরণ হওয়ার নয়। গতকাল আরও যেসব সংগঠন ও ব্যক্তি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে এবং শোক প্রকাশ করেছেন তার মধ্যে আছে ছাত্রমৈত্রী, জাতীয় গণতান্ত্রিক লীগ, নারী মুক্তি আন্দোলন, ফেনী প্রেসক্লাব, কর্মজীবী নারী, মহিলা পরিষদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), পীরজাদা মোহাম্মদ হোসাইন মজুমদার, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকার আন্দোলন জোট, আইন ও সালিশ কেন্দ্র, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।