শ্রদ্ধা-ভালোবাসায় বিজয়ের ৪০তম বার্ষিকী উদ্যাপন
বিজয়ের ৪০তম বার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেছেন জাতির সূর্যসন্তানদের। বিজয় দিবসের আনন্দে মেতে উঠতে দেখা গেছে সর্বস্তরের মানুষকে। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: সকাল সাড়ে ছয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত স্মৃতিস্তম্ভে সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। নগরের ত্রিশ গোডাউনসংলগ্ন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। সকাল আটটায় নগরের বঙ্গবন্ধু উদ্যানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে চারটায় পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের প্রতীকী উপস্থাপনা করা হয়। সন্ধ্যায় বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের আয়োজনে আলোচনা, মুক্তিযোদ্ধা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ভোলা: বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। গতকাল সারা দিন ভোলার সর্বস্তরের মানুষকে বিজয় দিবসের আনন্দে মেতে উঠতে দেখা যায়। অনেকের মাথায় লাল-সবুজ পতাকার ব্যান্ড, রিকশা, মোটরসাইকেল ও বাসে পতাকা উড়তে দেখা গেছে। বিজয় দিবস মঞ্চে ভোলাসহ ঢাকার শিল্পীরা গান পরিবেশন করেন। সাতক্ষীরা: দিবসটি উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি রক্তদান কর্মসূচির আয়োজন করে। সকালে শহীদ আবদুর রাজ্জাক পার্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে পৌর দীঘিতে সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা ১১টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট শহীদ আবদুর রাজ্জাক পার্কে শহীদ মিনারের পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বাগেরহাট: ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হয়। জেলা আওয়ামী লীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা সভার আয়োজন করে। স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাউন্ডেশন বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচির আয়োজন করে। শহরের স্বাধীনতা উদ্যানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে ১০ অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা: সকাল সাতটায় শহীদ স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে আটটায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক প্রদর্শন করা হয়। ১০টায় সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দারের নেতৃত্বে আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতা অহিদুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে বিএনপি শহরে বিজয় শোভাযাত্রা বের করে। ফরিদপুর: শহরের গোয়ালচামটে শহীদদের নামসংবলিত স্মৃতিফলকে সর্বস্তরের জনতা শ্রদ্ধা নিবেদন করে। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শেখ জামাল স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দুপুরে কবি জসীমউদ্দীন হলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানিয়ে এক সভার আয়োজন করা হয়। ভোরে আয়োজন করা হয় মিনি ম্যারাথন প্রতিযোগিতা। বিকেলে স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। পিরোজপুর: শহরের বলেশ্বর খেয়াঘাট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল নয়টায় জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এরপর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে পিরোজপুর পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।