শ্রদ্ধা-ভালোবাসায় বিজয়ের ৪০তম বার্ষিকী উদ্যাপন
বিজয়ের ৪০তম বার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেছেন জাতির সূর্যসন্তানদের। বিজয় দিবসের আনন্দে মেতে উঠতে দেখা গেছে সর্বস্তরের মানুষকে। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রংপুর: প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। এ ছাড়া গতকাল সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে। স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ হয়েছে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফোরাম পাবলিক লাইব্রেরি মাঠে মুক্তিযুদ্ধের আলোকচিত্রের আয়োজন করে।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ কালেক্টরেট ভবন প্রাঙ্গণে রাত ১২টায় তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। রাত ১২টা এক মিনিটে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জেলা প্রশাসক আমিনুল ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে পুলিশ সুপার মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ প্রেসক্লাব, সিভিল সার্জন, প্রথম আলো বন্ধুসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। গতকাল সকালে শহীদ সামসুদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। শহরে শোভাযাত্রা বের হয়। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান, সহ-উপাচার্য এম নূরুল্লাহ্সহ প্রশাসনের কর্মকর্তারা দিবসের প্রথম প্রহরে গণকবর ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সমাজ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, সাংবাদিক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিভিন্ন হল প্রশাসনসহ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়। নীলফামারী: ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। স্বাধীনতা স্মৃতি অম্লান পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, এদের অঙ্গ ও সহযোগী সংগঠন। সকালে নীলফামারী স্টেডিয়ামে কুচকাওয়াচ হয়। দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। জয়পুরহাট: প্রথম প্রহরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে স্মৃতিস্তম্ভে প্রশাসন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। জেলা প্রশাসনের উদ্যোগে আবুল কাশেম ময়দানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বগুড়া: রাত ১২টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে বগুড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক ‘মুক্তির ফুলবাড়ি’তে জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খানসহ আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।সকাল নয়টায় শহীদ চান্দু স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শিশু-কিশোর সমাবেশ হয়। টিআইবির সচেতন নাগরিক কমিটি শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা করেছে। পীরগাছা (রংপুর): উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। বেলা ১১টায় পীরগাছা জে এন উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় ও আলোচনা সভা হয়।