শ্রদ্ধা-ভালোবাসায় রবিউলকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে এসি রবিউল করিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্ত্রী–সন্তানসহ পরিবারের সদস্যরা l ছবি: প্রথম আলো
মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে এসি রবিউল করিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্ত্রী–সন্তানসহ পরিবারের সদস্যরা l ছবি: প্রথম আলো

মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

গত বছরের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে জঙ্গিরা। খবর পেয়ে তাঁদের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল। এ সময় জঙ্গিদের ছোড়া গুলি ও গ্রেনেডের আঘাতে তিনি নিহত হন। একই ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিনও নিহত হন।

রবিউল করিমের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল তাঁর জন্মস্থান মানিকগঞ্জ সদর উপজেলায় নানা কর্মসূচি পালিত হয়। সমাজের অবহেলিত শারীরিক ও মানসিক সক্ষমতাহীন শিশু ও কিশোরদের জন্য বাড়ির অদূরে বাসাই গ্রামে ২০১১ সালে রবিউল করিম নিজ খরচে গড়ে তুলেছিলেন বিকনিং লাইট অরগানাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি (ব্লুমস) নামের বিশেষায়িত বিদ্যালয়। বেলা একটার দিকে ব্লুমস বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্লুমসের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. নূরুজ্জামান, ব্লুমসের উপদেষ্টা মাহমুদ হোসেন, স্থানীয় আটিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরে আলম সরকার, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান বিপ্লব হোসেন, নিহত রবিউলের স্ত্রী উম্মে সালমা, মা করিমন্নেছা, ছোট ভাই শামসুজ্জামান শামস।

শোকসভায় ব্লুমসের কর্মকাণ্ড ও সমস্যা নিয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক আবদুল আলীম। তিনি বলেন, প্রায় এক বছর আগে ব্লুমসের নিবন্ধনের জন্য সমাজসেবা অধিদপ্তরে আবেদন করা হয়। তবে এখন পর্যন্ত প্রতিবন্ধী শিশুদের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানটির নিবন্ধন হয়নি।

রবিউলের মা করিমন্নেছা ছেলের গড়া ব্লুমসের অসমাপ্ত কাজ শেষ করার জন্য সবার সহযোগিতা চান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নূরুজ্জামান বলেন, রবিউল সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতেন। তিনি স্বপ্ন বাস্তবায়নের লড়াকু নায়ক ছিলেন। এ জন্য নিজ গ্রামের অদূরে প্রত্যন্ত অঞ্চলে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শারীরিক ও মানসিক সক্ষমতাহীন শিশু-কিশোরদের জন্য বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠা করেছেন। তাঁর এই কর্মের মধ্যেই তিনি যুগ যুগ বেঁচে থাকবেন।

পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, দেশে জঙ্গি ছিল। তবে এত শক্তিশালী জঙ্গিবাদের উত্থান হয়েছে, তা এসি রবিউল শহীদ হওয়ার পর উন্মোচিত হয়েছে। তিনি দেশ ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। রবিউল সত্যিকারের নায়ক।

স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান শেষে ব্লুমসের প্রতিবন্ধী শিশুদের মধ্যে উপহার তুলে দেওয়া হয়। এরপর দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কাটিগ্রাম উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোকের মিছিল বের করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও এলাকাবাসী অংশ নেন। এরপর শোকের মিছিলটি কাটিগ্রাম-আটিগ্রাম সড়কের প্রায় এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে কাটিগ্রাম কবরস্থানে গিয়ে শেষ হয়। এরপর রবিউল করিমের কবরে পরিবারের সদস্যরা ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

গত বছর জেলা পুলিশ লাইনসের প্রধান ফটকটি রবিউল করিমের নামে নামকরণ করা হয়। ফটকের পাশেই তাঁর ম্যুরালও নির্মাণ করা হয়েছে। বিকেলে পুলিশ সুপার মাহফুজুর রহমান ও রবিউল করিমের পরিবারের সদস্যরা তাঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।