শ্রদ্ধা-ভালোবাসায় সাংসদ হিরনকে শেষ বিদায়
হাজারো মানুষ শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় দিলেন বরিশাল সদর আসনের সাংসদ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনকে। গতকাল শুক্রবার বাদ জুমা নগরের বঙ্গবন্ধু উদ্যানে জানাজা ও নাগরিক শ্রদ্ধা শেষে বরিশাল মুসলিম গোরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংসদ বাহাউদ্দিন নাছিম, সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, সিটি মেয়র আহসান হাবিব কামাল, সাংসদ তালুকদার মো. ইউনুস, পঙ্কজ দেবনাথ, জাতীয় পার্টির সাবেক মহাসচিব সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খানসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে শওকত হোসেনকে শেষবারের জন্য ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এরপর বেলা তিনটায় বরিশাল মুসলিম গোরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় শওকত হোসেনের মরদেহ আওয়ামী লীগের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় নেওয়া হয় বরিশাল সিটি করপোরেশনের নগর ভবনে। দুপুর সাড়ে ১২টায় আনা হয় বঙ্গবন্ধু উদ্যানে। আজ শনিবার বাদ আসর শওকত হোসেনের কুলখানি আলেকান্দা এলাকার নূরিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।