শ্রদ্ধায় মাহতাব বেগকে স্মরণ
মুক্তিযুদ্ধে নীলফামারীর সৈয়দপুরে প্রথম শহীদ এস এম মাহতাব বেগকে স্মরণ করল উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল মঙ্গলবার ২৪ মার্চ ছিল মাহতাব বেগের ৪৪তম শাহাদতবার্ষিকী।
স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি আমির আলী আজাদ। বক্তব্য দেন একরামুল হক, আলিম উদ্দিন, আখতার হোসেন বাদল প্রমুখ। পরে একই স্থানে গণসংগীত পরিবেশন করে সংগঠনের শিল্পীরা।
শহীদ মাহতাব বেগের ছেলে মির্জা সালাহউদ্দিন বেগ বলেন, ‘সৈয়দপুরের মানুষ অবরুদ্ধ ছিল। আমার বাবা দেড়শ গ্রামবাসীকে নিয়ে সৈয়দপুর আক্রমণের পরিকল্পনা করেন। ওই দলের হয়ে যুদ্ধে অংশ নিয়েছিলাম আমিও। আমরা সকাল ১০টার দিকে সৈয়দপুরে ঢোকার চেষ্টা করি। ঢোকার মুখে শহরের বাঁশবাড়ী মহল্লায় প্রতিরোধের মুখে বাঁধে যুদ্ধ। আমাদের ছোড়া গুলিতে সৈয়দপুর সেনানিবাসের কয়েকজন পাকিস্তানী আর্মি নিহত হয়। ফলে ওরা আরও বেপরোয়া হয়ে ওঠে। ব্রাশফায়ার করে আমার বাবা মাহতাব বেগকে হত্যা করে।’