শ্রদ্ধায় মাওলানা ভাসানীকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকীতে গতকাল টাঙ্গাইলের সন্তোষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা l ছবি: প্রথম আলো
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকীতে গতকাল টাঙ্গাইলের সন্তোষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা l ছবি: প্রথম আলো

টাঙ্গাইলসহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল থেকেই টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে।
মাজারে ফুল দেওয়ার সময় স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে। মাজার প্রাঙ্গণে দোয়া, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়।
গতকাল সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য এম আলাউদ্দিন এবং ভাসানীর পরিবার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে ভাসানী মেলা গতকাল শেষ হয়। বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকায় নিজস্ব প্রতিবেদক জানান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ ও মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানে রাখা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ন্যাপ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, কল্যাণ পার্টি, জাতীয় পার্টি (জাফর), ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ, বিপ্লবী শ্রমিক ফেডারেশন।
গতকাল দুপুরে বাংলাদেশ ন্যাপ স্মরণসভার আয়োজন করে। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গাণির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।